গত কয়েকদিন ধরে বেলজিয়ামের একটি পত্রিকা জানাচ্ছিল যে ফরাসি ফুটবল তারকা, সমীর নাসরি আইএসএল-এ খেলতে পারেন কেরালা ব্লাস্টার্স-এর হয়ে। কিন্তু একটি বেসরকারি সংবাদসংস্থা সূত্রের খবর যে এই তথ্যের কোনও সত্যতা নেই। প্রাক্তন আর্সেনাল তারকা আইএসএল খেলবেন এরকম কোনও সম্ভাবনাই নাকি নেই।
সমীর নাসরি বিগত কয়েক বছর ধরে তাঁর খেলার মান থেকে অনেকটা দূরে সরে গেছেন এবং বর্তমানে বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেচট-এর হয়ে গেলেন। ফরাসী প্রিমিয়ার লিগের অন্যতম দক্ষ অ্যাটাকিং মিড ফিল্ডার ছিলেন তিনি।
ম্যানচেস্টার সিটিতে যাওয়ার আগে আর্সেনালের অন্যতম বড় অস্ত্র ছিলেন তিনি। কিন্তু এরপর তিনি আর কখনই নিজের দক্ষতা প্রমাণ করতে পারেননি সেই ভাবে। ঘনঘন বদলেছেন দল। এছাড়াও ডোপিং-এর অভিযোগে এই ফরাসি তারকাকে ২০১৯ এর জানুয়ারী পর্যন্ত ১৮ মাসের জন্য নির্বাসিত করে ফিফা।
তবুও, সমীর নাসরি যদি সত্যিই কেরালা ব্লাস্টার্সদের জন্য ব্যাগ গোছান, তাহলে আইএসএলে তাঁর যোগদান অবশ্যই আলাদা মাত্রা পাবে। ক্লাবের পাশাপাশি আইএসএল-এর পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাঁর অভ্যুত্থান। তবে এরকমটা হওয়ার মতো এখনও কোনও খবর পাওয়া যায়নি।





