জন্মের আগেই ব্ল্যাকমেইল! সরকারি হাসপাতালে কাটমানি না দিলে বন্ধ ডেলিভারি, ভাইরাল ভিডিয়োতে ফাঁস চাঞ্চল্যকর দুর্নীতি

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বিশেষত প্রসূতিদের ক্ষেত্রে সরকারি হাসপাতালের দায়িত্ব আরও বেশি। একজন গর্ভবতী মহিলা যখন যন্ত্রণায় ছটফট করেন, তখন তাঁর পাশে দাঁড়ানোই চিকিৎসকদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু বাস্তবে কি তাই হয়? কতজন রোগী ঠিকমতো চিকিৎসা পান? কতজন সরকারি হাসপাতালে দুর্নীতির শিকার হন? এই প্রশ্নগুলো শুধু হাসপাতালের ভেতরেই নয়, সাধারণ মানুষের মধ্যেও দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে।

কিন্তু এসব ঘটনা সাধারণত সামনে আসে না, লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। তবে বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ক্যামেরা হাতে থাকলে অনেক লুকোনো সত্যিই বেরিয়ে আসে। কখনও সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তো কখনও চিকিৎসকদের দুর্নীতি—সবকিছুই ধরা পড়ছে ক্যামেরায়। এবারও তেমনই একটি ঘটনা উঠে এল উড়িষার ঝাড়সুগুড়া জেলা সদর হাসপাতাল থেকে। যেখানে অভিযোগ, এক প্রসূতির অপারেশনের জন্য কাটমানি না দিলে তাঁর ডেলিভারিই আটকে দেওয়া হয়েছিল!

সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, অপারেশন থিয়েটারের নার্স-ইন-চার্জ নীলিমা প্যাটেল সরাসরি রোগীর আত্মীয়দের কাছ থেকে টাকা নিচ্ছেন। অভিযোগ, হাসপাতালের অপারেশন টেবিলে শুয়ে থাকা এক প্রসূতির আত্মীয়দের কাছ থেকে ২০০০ টাকা দাবি করা হয়। টাকা না দিলে নাকি প্রসব করানো হবে না! অর্থাৎ, সরকারি হাসপাতালের পরিষেবার জন্যও ‘ঘুষ’ দিতে হচ্ছে রোগীদের। যা স্বাস্থ্য পরিষেবার কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্ন তোলে।

ঝাড়সুগুড়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিডিএমও) জানান, অভিযোগকারী তাঁদের কাছে হোয়াটসঅ্যাপে লিখিত অভিযোগ করেছেন। তিনি ২০০০ টাকা ঘুষ দিয়েছেন বলে জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট হাতে এলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এমন ঘটনা প্রথমবার নয়, এর আগেও দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে বিশাল দুর্নীতির চক্র ফাঁস হয়েছিল। চিকিৎসার নামে সেখানে একাধিক ডাক্তার এবং কর্মী রোগীদের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন। সিবিআই তদন্তে উঠে আসে, পাঁচটি মডিউলের মাধ্যমে ঘুষ নেওয়া হত। সে সময় দু’জন সিনিয়র হৃদরোগ বিশেষজ্ঞ সহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

আরও পড়ুনঃ নারীদের জন্য ঘরই সবচেয়ে ভয়ঙ্কর! স্বাধীনতার আড়ালে লুকিয়ে নি’র্যাতন! রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট ফাঁস করল নারীদের ভয়ংকর বাস্তবতা!

এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সরকারি হাসপাতালগুলিতে সাধারণ মানুষের চিকিৎসার নিরাপত্তা আদৌ আছে তো? যেখানে প্রসূতির জীবন-মৃত্যুর মুহূর্তেও কাটমানি নেওয়ার মতো ঘটনা ঘটে, সেখানে স্বাস্থ্যব্যবস্থার অবস্থা কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই অনুমেয়। প্রশাসনের কড়া পদক্ষেপ না নিলে আগামী দিনেও কি এমন দুর্নীতি চলতেই থাকবে?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর