কলকাতার রাজনীতির আকাশে নতুন ঝড়। বাংলার বিধানসভার অন্দরেই কি প্রাণনাশের চক্রান্ত? বিরোধী দলনেতার প্রাণনাশের ষড়যন্ত্র হচ্ছে? এই চাঞ্চল্যকর প্রশ্ন তুলেই বুধবার উত্তাল হল রাজ্য রাজনীতি। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। গণতন্ত্রের পীঠস্থান বিধানসভার অন্দরেই যদি নেতা-নেত্রীরা সুরক্ষিত না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নানা মহলে।
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই সরগরম। একদিকে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী অশান্তি, অন্যদিকে লোকসভা ভোটের আগে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। বিজেপি ও তৃণমূলের সংঘাত রাস্তায়, সভায়, এমনকি সোশ্যাল মিডিয়াতেও নজর কাড়ছে। তবে এবার সেই সংঘাত বিধানসভার অন্দরেও প্রবেশ করল! এই আবহেই বিধানসভার অন্দরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাণনাশের চক্রান্তের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি মুখ্য সচেতক শংকর ঘোষের অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
এদিন বিধানসভার অধিবেশন চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু বিরোধিতার অভিযোগ তুলে কালো পোশাকে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। স্পিকারের সামনে একাধিক প্রশ্ন তোলেন বিরোধীরা। সেই সময়ই বিধানসভার ভিতরে এক অচেনা ব্যক্তিকে দেখা যায়, যিনি কালো জামা পরে ভিডিয়ো রেকর্ড করছিলেন। বিজেপি বিধায়কদের মতো পোশাক পরা সেই ব্যক্তি কে? কী উদ্দেশ্যে তিনি ভিডিয়ো রেকর্ড করছিলেন? এই প্রশ্ন তুলেই স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি বিধায়করা। কিন্তু অভিযোগ, স্পিকার এ বিষয়ে কোনো পদক্ষেপ করেননি। তাতেই আরও সন্দেহ দানা বাঁধছে বলে দাবি করেছেন শংকর ঘোষ।
আরও পড়ুনঃ স্ত্রী ধরে রেখেছে, মেয়েরা লাঠি দিয়ে পেটাচ্ছে! তারপর মিলল ঝুলন্ত দেহ—আ’ত্মহত্যা নাকি পরিকল্পিত খু’ন?
এই ঘটনার পরই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তারপর সাংবাদিকদের সামনে এসে শংকরবাবু বলেন, “আমাদের আশঙ্কা, বিধানসভার অন্দরেই শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত চলছে! সেই কারণেই বিজেপি বিধায়কের ছদ্মবেশে কেউ বিধানসভায় ঢুকে ভিডিয়ো রেকর্ড করছিলেন। আমরা বিষয়টি স্পিকারের গোচরে আনলেও, তিনি কোনো ব্যবস্থা নেননি। কলকাতা পুলিশের নিরাপত্তা পেরিয়ে কেউ কীভাবে বিধানসভার ভিতরে ঢুকলেন?”
এদিন বিজেপির তরফে আরও অভিযোগ তোলা হয় যে, রাজ্যে জামাত-জেহাদিদের সরকার চলছে। শংকর ঘোষ বলেন, “তৃণমূল বিধায়ক হুমায়ুঁ কবির হুমকি দিয়েছেন, ৩০ শতাংশ হিন্দুকে কেটে ভাগিরথীতে ভাসিয়ে দেবেন! মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নিয়েছেন? আমাদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, হুমায়ুঁ কবিরকে বন্ধ ঘরে তিরস্কার করা হয়েছে। কিন্তু প্রকাশ্যে হুমকি দিলে শাস্তিও তো প্রকাশ্যে হওয়া উচিত।” যদিও তৃণমূল এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। তবে বিজেপির এই দাবিতে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।






