আর্থিক কেলেঙ্কারি আর প্রতারণার ঘটনা যখন একের পর এক সামনে আসছে, তখন বহু মানুষ আজও প্রতারিত অর্থ ফেরত পাওয়ার আশায় দিন গুনছেন। বহু প্রতিশ্রুতি মিললেও বাস্তবে হাতে কিছুই পাননি সাধারণ আমানতকারীরা। রোজভ্যালির বিনিয়োগ কেলেঙ্কারিও সেই তালিকাতেই পড়ে। একসময় বহু মানুষ তাদের সঞ্চয় রেখে আশা করেছিলেন মোটা মুনাফার, কিন্তু শেষ পর্যন্ত কোম্পানির আর্থিক কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়, আর তাদের টাকা আটকে যায়। আজও হাজার হাজার বিনিয়োগকারী অপেক্ষায়, কবে মিলবে তাদের কষ্টার্জিত অর্থ।
তবে এবার আশার আলো দেখা যাচ্ছে! দীর্ঘদিন ধরে আদালত, প্রশাসন আর তদন্তকারী সংস্থার দোরগোড়ায় ঘুরে ক্লান্ত আমানতকারীদের জন্য এল এক দারুণ সুখবর। রোজভ্যালি কেলেঙ্কারিতে যারা টাকা জমা রেখেছিলেন, তারা হয়তো এবার পেতে পারেন তাদের অর্থ ফেরত। দীর্ঘ আইনি লড়াই আর প্রশাসনিক প্রক্রিয়ার পর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কিন্তু কীভাবে ফিরবে এই টাকা? আমানতকারীদের কী করতে হবে?
সূত্রের খবর, রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC) সম্প্রতি ভুবনেশ্বরের খুরদা আদালতে আবেদন করেছিল, যাতে বাজেয়াপ্ত হওয়া ফিক্সড ডিপোজিট ভেঙে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া যায়। আদালত সেই অনুমতি দেওয়ার পরেই শুরু হয়েছে টাকা ফেরানোর কাজ। তদন্ত চলাকালীন সময়ে ইডি (ED) রোজভ্যালির ৩৩২.৭৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছিল। দীর্ঘদিন তা আটকে থাকার পর সুদে-আসলে সেই অর্থ বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ কোটি টাকায়। এই টাকাই এবার ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ স্ত্রীর প্রতি ঘৃণা, বলি নিষ্পাপ মেয়ে! বাবার হাতে ৪ বছরের শিশুর নির্মম পরিণতি!
ইতিমধ্যেই ২২ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে, তবে এখনো বহু মানুষ আছেন যারা টাকা ফেরত পাননি। যারা বৈধ আমানতকারী, তারা কীভাবে তাদের অর্থ ফেরত পাবেন? এর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আবেদনকারীদের www.rosevalleyadc.com ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও বৈধ নথিপত্র জমা করতে হবে। অ্যাসেট ডিসপোজাল কমিটি সেই নথিগুলি যাচাই করার পর, যদি সব ঠিক থাকে, তাহলে আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন।
এই খবর সামনে আসতেই বিনিয়োগকারীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বহু বছর ধরে অপেক্ষার পর এবার টাকা ফেরতের আশা জাগায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে পালন করা উচিত, যাতে প্রতারিত হওয়ার আরেকটি সম্ভাবনা না তৈরি হয়। এখন দেখার, কত দ্রুত এবং কীভাবে সমস্ত আমানতকারীরা তাদের হারানো টাকা ফেরত পান!






