অর্থ উপার্জন করা যত কঠিন, তার সঠিক ব্যবহার ও সুরক্ষা করাটাও ততটাই জরুরি। বিনোদন দুনিয়ায় তারকারা সাধারণত কাজের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পান। কিন্তু অনেক সময়ই দেখা যায়, ঠিক সময়ে সেই টাকা হাতে পৌঁছায় না। কখনও প্রতারণা, কখনও ব্যক্তিগত ভুলের জন্য অর্থের ক্ষতি হয়। সাধারণ মানুষ যেমন নিজেদের উপার্জন নিয়ে চিন্তিত থাকেন, তেমনই সেলিব্রিটিরাও এই সমস্যার সম্মুখীন হন। সম্প্রতি এমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়।
বাংলা ধারাবাহিক থেকে উঠে এসে এখন বি-টাউনে নিজের জায়গা তৈরি করেছেন অদ্রিজা। টলিপাড়ার পাশাপাশি হিন্দি ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ‘অনুপমা’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয়ের সুযোগও পেয়েছেন তিনি। কেরিয়ারে এত সাফল্যের পরও গত বছর তাঁর জন্য বেশ কঠিন ছিল। কারণ, একসঙ্গে ছয় লাখেরও বেশি টাকা খুইয়েছেন তিনি! কীভাবে ঘটল এমন ঘটনা? কোনও প্রতারণার শিকার হলেন, নাকি ব্যক্তিগত কোনও ভুলের জন্য এই বিপত্তি?
অদ্রিজা জানিয়েছেন, ২০২৪ সালে দুটি ঘটনার জেরে তিনি বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একটি ঘটনার সঙ্গে যুক্ত ছিল এক নামী বিজ্ঞাপনী সংস্থা। সেই বিজ্ঞাপনের সঙ্গে শুধু তিনিই নন, আরও ২৫ জন তারকা যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অঙ্কিতা লোখান্ডে, আয়ুষ শর্মার মতো জনপ্রিয় অভিনেতারাও। অদ্রিজা জানান, গত বছরের আগস্টে তিনি এই কাজ করেছিলেন। তখন ৫০ হাজার টাকা পেলেও বাকি দেড় লক্ষ টাকা আজও হাতে পাননি। সংস্থার দেওয়া চেক একাধিকবার বাউন্স হয়েছে। শেষে কয়েকজন অভিনেতার ম্যানেজার পুলিশের সাহায্য নেন এবং অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টানরা আক্রান্ত? মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে কূটনৈতিক ঝড়!
এখানেই শেষ নয়, দ্বিতীয় ঘটনায় আরও বেশি টাকা খুইয়েছেন নায়িকা। বন্ধু ও সহ-অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে বিদেশে ঘুরতে গিয়ে প্রতারণার শিকার হন অদ্রিজা। সেই সফরে তাঁদের সঙ্গে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা, যার ফলে নায়িকার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়। দেবচন্দ্রিমা কলকাতায় ফিরে পুলিশের সাহায্য নেন এবং অভিযুক্তকে গ্রেফতার করান। তবে অদ্রিজা নিজে এই ঘটনায় বিশেষ কোনও পদক্ষেপ করেননি।
এত বড় অঙ্কের টাকা খোয়ানোর পরও আইনি পথে হাঁটতে চান না অদ্রিজা। কারণ, তিনি অর্থের পিছনে দৌড়ন না। তিনি বিশ্বাস করেন, সৎ থাকলে জীবনে অর্থের অভাব হবে না। তবে তাঁর অনুরাগীরা মনে করছেন, এত বড় ক্ষতির পর নায়িকার আইনি পদক্ষেপ করা উচিত ছিল। এখন দেখার, ভবিষ্যতে তিনি এ নিয়ে নতুন কোনও সিদ্ধান্ত নেন কি না।






