Dilip Ghosh controversy : বিতর্কের ‘রাজা’ ফিরে এলেন? ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, পুলিশের বিরুদ্ধে তোপ দেগে বললেন “নপুংসক প্রশাসন”

রাজনীতি মানেই বিতর্ক, আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসেন কিছু চেনা মুখ। তাঁদের মন্তব্য কখনও হাসির খোরাক, কখনও বিরোধীদের অস্ত্র হয়ে ওঠে। তবে বাংলার রাজনৈতিক মহলে একজন নেতা রয়েছেন, যাঁর বক্তব্য মানেই চমক! তিনি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি ও মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। রাজনৈতিক সভা হোক বা সংবাদমাধ্যমের সামনে, তাঁর মুখ খুললেই নতুন কোনও বিতর্কের জন্ম হয়। কিছুদিন আগেও তাঁর এক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়েছিল। এবারও তার ব্যতিক্রম হল না।

গত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতিতে বড়সড় পরিবর্তন এসেছে। শাসক-বিরোধী তরজা হোক বা দলের অভ্যন্তরীণ সমীকরণ, প্রতিদিনই সামনে আসছে নয়া চ্যালেঞ্জ। এর মাঝেই দিলীপ ঘোষ যেন আবার তাঁর পুরনো মেজাজে ফিরেছেন। এক সময় যেভাবে তাঁর বক্তব্য বারবার সংবাদ শিরোনামে উঠে আসত, এখন আবার সেই চিত্র দেখা যাচ্ছে। তবে অনেকেই মনে করেন, আগের মতো ধারাল মন্তব্য তিনি আর করেন না। যদিও দিলীপ ঘোষ নিজে এই অভিযোগ মানতে নারাজ। বরং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘অনেকে খবর দেখে আমার ফর্ম বিচার করেন, তাঁদের জন্য আমার খুব মায়া হয়।’

সম্প্রতি খড়্গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে ফের বিতর্কের মুখে পড়েন দিলীপ ঘোষ। স্থানীয় কিছু মহিলার সঙ্গে কথা কাটাকাটির পর তিনি প্রকাশ্যে ‘গলা টিপে দেওয়া’র হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। শাসকদল তীব্র নিন্দা জানায়, বিরোধীরাও তাঁর বক্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ করতে ছাড়েনি। কিন্তু বিতর্ক কাটতে না কাটতেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ। তিনি বলেন, ‘আমি এমন নেতা নই যে পিছনে কেউ কুকুরের মতো ঘেউ ঘেউ করলে চুপচাপ চলে আসব। উত্তর দেবই!’ তাঁর এই বক্তব্য সামনে আসতেই আরও একবার উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ Violence in Jagaddal : জগদ্দলে রক্তক্ষয়ী রাত! গুলি, বোমার তাণ্ডবের নেপথ্যে অর্জুন সিং? তৃণমূল-বিজেপির তীব্র চাপানউতোর

দিলীপ ঘোষের দাবি, বিতর্কের জন্ম তিনি দেন না, বরং তাঁকে জড়িয়ে বিতর্ক তৈরি করা হয়। তাঁর কথায়, ‘আমি সাধারণ মানুষ। খাই-দাই, মর্নিং ওয়াক করি। বাড়িতে নারকেল কাটার জন্য একটা দা কিনলেও অনেকে ভয় পায়! সাংসদ তহবিলের টাকা দিয়ে রাস্তা করেছি, উদ্বোধন করতে গেলে যদি কেউ বাধা দেয়, তাহলে বিতর্ক করল কে?’ তাঁর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এখানেই থামেননি দিলীপ ঘোষ। রাজ্যের প্রশাসনকে কটাক্ষ করে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন নপুংসক! অযোগ্য লোকগুলো কেন পুলিশে রয়েছে? আমরা আগে জানাই যাতে প্রশাসনের সুবিধা হয়, অথচ তারা সেটাই আটকানোর জন্য বসে থাকে! এদের পদত্যাগ করা উচিত।’ বিজেপির বিভিন্ন কর্মসূচিতে পুলিশি অনুমতি না মেলার অভিযোগের মধ্যেই দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে বিতর্ক আরও বেড়েছে। উল্লেখ্য, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি পদ নিয়ে জল্পনা চলছে, আর সেই তালিকায় দিলীপ ঘোষের নামও শোনা যাচ্ছে। তাহলে কি তিনি ফের নেতৃত্বে ফিরছেন? উত্তর দেবে সময়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles