Weather Update: দক্ষিণবঙ্গে অগ্নিদাহ, তাপপ্রবাহের আশঙ্কা! উত্তরবঙ্গে মিলবে কি স্বস্তির বৃষ্টি?

মার্চের শেষ দিকে দাঁড়িয়ে কলকাতার রাস্তা যেন এক বিশাল আগুনের কুন্ড! সকাল থেকেই সূর্যের তেজ এতটাই প্রখর যে, একবার বাইরে বেরোলেই মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সকাল দশটা নাগাদ রোদের যা দাপট, তাতে দুপুরের গরম কেমন হবে তা আর বলার অপেক্ষা রাখে না। শহরের অলিগলি ফাঁকা হতে শুরু করেছে দিনের বেলাতেই। কাজ ছাড়া কেউ রাস্তায় নামতে চাইছেন না। এমনকি, যারা পেশাগত কারণে বাইরে বেরোচ্ছেন, তারাও গন্তব্যে পৌঁছেই ছায়ার খোঁজ করছেন।

গত কয়েকদিন ধরেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় বাড়ছে গরমের দাপট। আবহাওয়াবিদরা আগেই সতর্কবার্তা দিয়েছিলেন যে, এবারের গ্রীষ্ম হতে চলেছে ভয়ঙ্কর। সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। বাতাসে আর্দ্রতার মাত্রা এমনই যে, গরম আরও অসহনীয় হয়ে উঠেছে। সকাল থেকেই মানুষের শরীর কাহিল হয়ে পড়ছে, আর দুপুরের দিকে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

শনিবার বদলাতে পারে পরিস্থিতি

তবে এই প্রচণ্ড দাবদাহের মধ্যেই সামান্য স্বস্তির ইঙ্গিত মিলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুর ১২টা থেকে কলকাতার আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে। যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের কিছু জেলায় শনিবার বিকেল থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার— এই চার জেলায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারও দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, এই বৃষ্টি দক্ষিণবঙ্গের গরম কমাবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

কলকাতা ও দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম

এদিকে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বিশেষ করে, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও সরকারি ভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে স্থানীয় ভাবে তীব্র গরমের দাপট টের পাওয়া যাবে। অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের বাসিন্দাদের জন্য খারাপ খবর— এখানে গরম আরও বাড়বে। সকাল ৯টার পর থেকেই সূর্যের তেজ বাড়তে শুরু করবে, দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত লু-এর মতো শুকনো গরম বাতাস বইতে পারে। ফলে, সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ শনিবারেই খুলে যাবে ভাগ্যের দরজা! শনি গোচরে ধনলাভ, সুখ-সমৃদ্ধি আসছে এই রাশির জীবনে!

কী করবেন এই দাবদাহে?

গরমের হাত থেকে বাঁচতে চিকিৎসকেরা কিছু সতর্কবার্তা দিয়েছেন। দিনের বেলা প্রচুর জল খাওয়া, সরাসরি রোদ এড়িয়ে চলা, ফ্রেশ জুস ও ঠান্ডা পানীয় বেশি করে খাওয়া, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরা এবং দুপুরবেলা খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে, এখন সবটাই নির্ভর করছে উত্তরবঙ্গের আবহাওয়ার উপর। যদি ওখানকার ঠান্ডা বাতাস দক্ষিণবঙ্গে প্রবেশ করে, তবে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে। কিন্তু তা না হলে, কলকাতা ও আশপাশের জেলাগুলিকে আরও কয়েকদিন ধরে গরমের ভয়ঙ্কর রূপ সহ্য করতে হতে পারে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর