গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রে ‘ওয়াকফ (সংশোধিত) আইন’। বহু মানুষ এই বিলের বিরোধিতা করছেন বলে শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্থানীয় বাজার— সর্বত্রই চলছে উত্তপ্ত বিতর্ক। এই পরিবেশে বিক্ষোভ বা জনমত গঠনের ঘটনা নতুন নয়, কিন্তু সেই বিক্ষোভ কখন হিংসাত্মক মোড় নেয়, তা বোঝা সত্যিই মুশকিল। মুর্শিদাবাদবাসীর কাছে শুক্রবার যেন হয়ে উঠেছিল আতঙ্কের দিন।
স্কুলে যাওয়া, বাজারে কেনাকাটা, এমনকি সাধারণ যাতায়াতেও অসুবিধায় পড়তে হয় বহু মানুষকে। যাঁরা কোনও রাজনীতি বা আন্দোলনের সঙ্গে যুক্ত নন, তাঁরাও এই অশান্ত পরিবেশের শিকার হন। ছোট ছোট ছেলেমেয়েরা যখন স্কুলে যাওয়ার পথে ভয়ে থমকে দাঁড়ায়, তখন বোঝা যায়, পরিস্থিতি কতটা খারাপ। শুক্রবারের বিক্ষোভে এমনই এক ঘটনায় গুলিবিদ্ধ হয় সপ্তম শ্রেণির এক ছাত্র, যা নিঃসন্দেহে মানবিকতার পক্ষে বড় ধাক্কা।
শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুর, শাজুরমোড়, ধুলিয়ান সহ একাধিক এলাকায় শুরু হয় হিংসাত্মক বিক্ষোভ। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে জাতীয় সড়ক ১২ অবরোধ করেন শতাধিক বিক্ষোভকারী। পুলিশ অবরোধ সরাতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাথর ছোড়া হয়, পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়, জখম হন ফারাক্কার এসডিপিও। এমন সময় রাস্তায় বেরিয়ে পড়ে সপ্তম শ্রেণির ছাত্র মোশারফ হোসেন, যার বুকে লাগে গুলি।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শনিবার সকালে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর থেকে উত্তেজনা প্রশমনের জন্য প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদের বিভিন্ন অংশে ১৪৪ ধারা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। উত্তেজনার মধ্যে ধুলিয়ানে হামলা হয় স্থানীয় সাংসদ খলিলুর রহমানের কার্যালয়ে। এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে নিশানা করে বলেন, “রাজ্যে দাঙ্গা থামাতে ব্যর্থ সরকার, ৩৫৫ ধারা প্রয়োগ করুন।”
আরও পড়ুনঃ Weather update : পয়লা বৈশাখের আগেই ঝড়বৃষ্টি! শনিবার থেকে দুর্যোগে কাঁপবে বাংলা, কলকাতায় বইবে ৫০ কিমি বেগে ঝড়
পরিস্থিতি এখন মোটের ওপর নিয়ন্ত্রণে বলে প্রশাসনের দাবি। মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ পুলিশ ছাড়াও মোতায়েন করা হয়েছে বিএসএফের জওয়ানদের। ইতিমধ্যেই শুক্রবারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া বার্তায় জানিয়েছেন, “অশান্তি বরদাস্ত করা হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তবে শনিবার সকাল থেকে নতুন করে কোনও সংঘর্ষ বা অশান্তির খবর মেলেনি, তবে থমথমে পরিবেশ এখনও বজায় রয়েছে।






