Weather update : পয়লা বৈশাখের আগেই ঝড়বৃষ্টি! শনিবার থেকে দুর্যোগে কাঁপবে বাংলা, কলকাতায় বইবে ৫০ কিমি বেগে ঝড়

শেষ চৈত্রের গরমে রীতিমতো নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। একদিকে দুপুরের খরতাপ, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি—এই দুইয়ে মিলে ঘর-বাইরে কোথাও যেন শান্তি নেই। কলকাতা থেকে মফস্বল, সর্বত্রই যেন মানুষ অপেক্ষা করছেন এক পশলা বৃষ্টির জন্য। অফিসযাত্রী থেকে বাজারফেরা মানুষ, সকলের মুখেই একটাই প্রশ্ন—‘কবে আসবে বৃষ্টি?’ কারণ এই সময় বর্ষার আগমনের আভাস মিললেই বাঙালির মনে যেমন উৎসবের আমেজ আসে, তেমনি কিছুটা হলেও গরমের জ্বালা থেকে মুক্তি মেলে।

বুধবার সন্ধ্যার পর থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতার আকাশও ছিল আংশিক মেঘলা। যদিও এখনো অবধি বড়সড় কোনও বৃষ্টির দেখা মেলেনি, তবে মাঝেমধ্যে হালকা হাওয়া বইছে। ফলে অনেকেই ভাবছেন, এ কি তবে বড় কিছুর পূর্বাভাস? আর যদি শনিবার ঝড়বৃষ্টি নেমে পড়ে, তবে কী পরিস্থিতি হতে পারে শহরে? বাসিন্দাদের একাংশ ভাবছেন, এই পরিস্থিতিতে ঝড় এলেই আবার জল জমা, যানজট, বিদ্যুৎ বিভ্রাট—সব মিলিয়ে দুর্ভোগ বেড়ে যাবে।

আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর সঙ্গে ঘন ঘন বজ্রপাত ও দমকা হাওয়ার পূর্বাভাসও রয়েছে। কলকাতা সহ শহরতলিতে শনিবার দমকা হাওয়ার বেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ৫০ কিমি। তবে এখনও পর্যন্ত বৃষ্টির মাত্রা কতটা হবে, তা নির্ভর করবে জলীয় বাষ্পের পরিমাণ ও ঘূর্ণাবর্তের গতিপথের উপর। এদিকে শহরের তাপমাত্রাও ইতিমধ্যেই কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে রাজ্যের ৯টি জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আবার রবিবার এই তালিকায় যুক্ত হবে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ। এসব জেলার বাসিন্দাদের এখন থেকেই সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের মতে, এই ঝড়বৃষ্টি রাতের দিকে বেশি তীব্র হতে পারে।

আরও পড়ুনঃ Astrology: ১০ এপ্রিল থেকে ১৩ জুন — বৃহস্পতির মৃগশিরা প্রবেশে জীবনে আসবে টাকা-পয়সার বৃষ্টি! আপনার রাশি কি সেই সৌভাগ্যশালী তালিকায় রয়েছে?

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের ছবিও একই রকম। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমির মধ্যে। মূলত উত্তর বাংলাদেশের উপর তৈরি হওয়া উচ্চচাপ বলয় এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবাহের কারণেই এই পরিস্থিতি। আগামী পাঁচ দিন ধরে এই ঝড়বৃষ্টির প্রভাবে তাপমাত্রায় তেমন হেরফের হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে চৈত্রের খরতাপে হাঁপিয়ে ওঠা রাজ্যবাসীর কাছে এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তির পরশ বয়ে আনবে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles