সরকারি হুকুমে স্তব্ধ হলো ভারত লাগোয়া ভুটানের সীমান্ত শহর। বিশ্বজোড়া কোভিডের হামলায় মৃত্যুর মিছিল চললেও ভুটান কিন্তু মৃত্যুহীন। গত চার মাসে এই প্রথম লকডাউন শুরু হল এই দেশে। ভুটানের রাজধানী থিম্পুর সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শুক্রবার ভারতের অসম রাজ্য লাগোয়া সামদ্রুপজোংখার জেলার সীমান্ত শহর জোমৎহাংগখায় এক ব্যক্তিকে করোনা ভাইরাসে সংক্রমিত বলে চিহ্নিত করা হয়। আর তারপরেই পুরো শহরে লকডাউন ঘোষণা করা হয়। পুলিশের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির সংস্পর্শে আসা বাকিদের দ্রুত চিহ্নিত করার কাজ শুরু করেছে। সীমাম্ত শহরটির লাগোয়া হলো অসমের বাকসা ও উদালগুড়ি জেলা। ইতিমধ্যেই অসমেও কোভিডের সংক্রমণ ছড়িয়েছে।
ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী অসমে কমপক্ষে ৪২ জন করোনা ভাইরাসে সংক্রামিত। সীমান্তবর্তী এই রাজ্য ও পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখছে ভুটান সরকার। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে করোনায় সরাসরি ভাবে মৃত ঘোষণা করেছে ৩৩ জনকে। এদিকে আচমকা লকডাউন শুরু হওয়ায় ভুটানি সীমান্ত শহর জোমৎসহাংগখা জুড়ে ছড়িয়েছে তীব্র ভয়। এতদিন করোনাকে ঠেকিয়ে রেখে বিশ্বজুড়ে নজির তৈরি করেছিল ভুটান।
গত বছর ডিসেম্বর মাসে প্রতিবেশী দেশ চীন থেকে ছড়ায় করোনা ভাইরাস। সেই ভাইরাসে বিশ্বজুড়ে চলছে মৃত্যু মিছিল। হাতেগোনা কয়েকটি দেশ এই তালিকায় এখনও নেই যেমন নেপাল, ভিয়েতনাম ইত্যাদি। আর তাদেরই অন্যতম ভুটান।
ভুটান স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট বলছে, দেশে মোট ৮ জন করোনা সংক্রামিত। ৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এই অবস্থাতেও আত্মতুষ্টির কোনও জায়গা নেই, ফলে সরকারি নির্দেশে ভারতের সঙ্গে থাকা সব সীমান্তপথই সাময়িক ভাবে বন্ধ। তবে অসমের লাগোয়া সীমান্ত শহরেই করোনা রোগী চিহ্নিত হওয়ায় আশঙ্কা ছড়িয়েছে ভুটানের সামদ্রুপজোংখার জেলায়।





