Weather update: অবশেষে গরমে বাঁচার রাস্তা! আসছে টানা ঝড়বৃষ্টি, বদলে যাবে কলকাতার আবহাওয়া!

টানা দাবদাহে নাভিশ্বাস উঠেছে রাজ্যের মানুষের। কলকাতা থেকে মফস্বল, সর্বত্রই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভ্যাপসা অস্বস্তি। রাস্তাঘাটে মানুষ কমে গেছে, দুপুরের পর শহরের ব্যস্ত এলাকাগুলিও যেন থমথমে। স্কুল-কলেজে ছেলেমেয়েদের উপস্থিতিও কমেছে অনেকখানি। এ অবস্থায় সাধারণ মানুষ একটানা আকাশের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন করছেন—”কবে নামবে স্বস্তির বৃষ্টি?দিনের পর দিন তীব্র গরমের ফলে ক্লান্তি যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে সকলের।

এপ্রিলের শেষে এসেও তাপমাত্রার রদবদল না হওয়ায় ঘরে-বাইরে নাজেহাল অবস্থা। খাওয়াদাওয়া থেকে শুরু করে দৈনন্দিন রুটিনেও এসেছে বিরক্তিকর পরিবর্তন। পথচলতি মানুষজন বরফজল বা ঠান্ডা পানীয়ের খোঁজে ছুটছেন এদিক-ওদিক। হাসপাতালগুলিতে হিটস্ট্রোকের ভয়ে সতর্কতা জারি করা হয়েছে। বাজার থেকে অফিস, সর্বত্রই শুধু একটা স্বস্তির আশায় দিন গুনছেন সবাই। এরই মধ্যে আবহাওয়া দফতরের তরফে মিলল আশার আভাস, যা খানিকটা হলেও স্বস্তি দিতে পারে দক্ষিণবঙ্গের মানুষকে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে আগামী ২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা সহ বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রথম দু-তিন দিন গরমের প্রভাব কিছুটা বজায় থাকলেও পরের দিনগুলি থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এরফলে ক্রমশই ভ্যাপসা গরমের হাত থেকে খানিকটা মুক্তি পেতে পারে দক্ষিণবঙ্গবাসী।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরের বিভিন্ন জেলাতেও আজ থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা এখনও বহাল। বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কিছু অঞ্চলে গরমের দাপট বজায় থাকতে পারে। তাই বৃষ্টির আশার মাঝেও হিটস্ট্রোক বা জলঘাটতির মতো সমস্যা এড়াতে বিশেষ সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ Astrology: মে মাসে রাহু-কেতুর বিশেষ গোচরে বদলে যাবে ৪ রাশির ভাগ্য! কার জীবনে আসবে রাজসুখ?

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ এবং ন্যূনতম ৬৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বলে অনুমান। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে তার পরবর্তী তিনদিনের মধ্যে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরের কিছু এলাকায় গরম আরও বাড়তে পারে বলে পূর্বাভাস মিলেছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles