Dilip Ghosh : ‘রামনবমীর মিছিল করতে হচ্ছে, কারণ আপনি সৌজন্য দেখাননি!’—মমতাকে কটাক্ষ করে বিস্ফোরক দিলীপ ঘোষ!

বাংলার রাজনৈতিক মঞ্চে কাদা ছোঁড়াছুঁড়ি নতুন নয়। কিন্তু রাজনীতির মধ্যে থাকা ব্যক্তিগত সৌজন্যবোধ অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সৌজন্যের ব্যাখ্যা নিয়েই শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। কার কী সৌজন্য, কে কতটা ভদ্রতার রাজনীতি করেন, সে নিয়ে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য।

রাজনৈতিক ভিন্নমত থাকা স্বাভাবিক। কিন্তু সেই মতবিরোধের মধ্যেও ব্যক্তিগত রুচি, নীতি এবং ভদ্রতা অনেক সময় বড় হয়ে ওঠে। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে কারও আমন্ত্রণ গ্রহণ করাই হোক বা তার পাল্টা প্রতিক্রিয়া—সবকিছুতেই সৌজন্যবোধের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই বড় বিষয় হয়ে দাঁড়ায়।

শনিবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জানালেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গিয়েছিলাম। সেটা সৌজন্যের খাতিরে। কিন্তু ওনার তরফে তেমন সৌজন্য প্রকাশ করা হয়নি।’ দিলীপবাবুর বক্তব্য, তিনি নিজের রাজনৈতিক নীতি মেনে চলেন। কেউ যদি তাঁর প্রতি সৌজন্য না দেখায়, তবুও তিনি ভদ্রতা বজায় রাখেন, কারণ সেটাই তাঁর রাজনৈতিক আদর্শ।

দিলীপ ঘোষ বলেন, “আমি কারও সামনে হাতজোড় করে দাঁড়াই না। দল গড়েছি পরিশ্রমে, কারও দয়ায় নয়। দিল্লির বড় নেতাদের ডাকে না গিয়ে বাংলায় থেকে রাজনীতি করেছি। বিভিন্ন দল থেকে যাঁরা এসেছেন, তাঁরাই আজ বড় বড় কথা বলছেন। আমি নিজস্ব অবস্থানে অনড় ছিলাম এবং থাকব।” এই মন্তব্যের মাধ্যমে তৃণমূলের বেশ কয়েকজন নেতার দলে আসা নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

আরও পড়ুনঃ India : ভারতের ভয়ে রেশন মজুদ করছে পাকিস্তান! POK-এ হামলার আশঙ্কায় আতঙ্কে পাক প্রশাসন!

সব শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপবাবু বলেন, “রাম মন্দির উদ্বোধনে গিয়েছিলাম। সৌজন্য দেখিয়েছি। উনি যাননি। আজকে মন্দির বানাতে হচ্ছে, রামনবমীর মিছিল করতে হচ্ছে। কেন যাননি উনি? উনি সৌজন্য দেখাননি। আমি দেখিয়েছি।” এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাজনৈতিক সৌজন্য কি আদৌ পাল্টা প্রত্যুত্তরের জন্য হয়? না কি সেটাই এক রাজনীতিকের প্রকৃত পরিচয়—এই প্রশ্নেই এখন সরগরম বঙ্গ রাজনীতি।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর