করোনার আবহের মধ্যেই ভবিষ্যতের রণনীতি সাজাতে শুরু করল বিজেপি। করোনা লকডাউনে শাসক-বিরোধী লড়াইয়ে কোনও খামতি যদিও নেই। এরমধ্যেই সূত্রের খবর, লকডাউনেই বিজেপি নতুন কমিটি গঠন করতে চলেছে।
মার্চেই বঙ্গ বিজেপির নতুন কমিটি গঠনের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি এবং করোনার সংক্রমণ রুখতে লকডাউনের জেরে তা স্থগিত হয়ে যায়। এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, তবু আর দেরি না করে রাজ্য বিজেপির নয়া কমিটি গঠন প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে।
যদিও বিজেপির একাংশের অভিযোগ, তৃণমূল কংগ্রেস তাদের রাজনীতি জারি রেখেছে। তাই বিজেপিও এবার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যাঁদের নিয়ে লড়তে চায়, তাঁদেরকে এবার সামনে আনা জরুরি বলে মনে করছে নেতৃত্ব। এজন্য যোগ্যতা মেপেই এগোচ্ছে বিজেপি। একেবারে ত্রিমুখী পরীক্ষার মাধ্যমে বিজেপি নতুন কমিটি গঠন করতে চাইছে। এটা একদিনের পদ্ধতি নয়, দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি চলছে। তা সমাধান হয়েছে, এবার শুধু পরীক্ষার ফল জানানো বাকি।
কীরকম ছিল এই পদ্ধতি?
বঙ্গ বিজেপির তরফে নিচুতলার কর্মীদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ তাঁদের মতো করে একটা তালিকা তৈরি করছে। আর অমিত শাহ তাঁর নিজস্ব টিমকে নিয়ে প্রতি বিধানসভা ও মণ্ডল অনুযায়ী একটা তালিকা তৈরি করছেন। ইতিমধ্যে প্রাথমিক একটি তালিকা তৈরি হয়ে গিয়েছে। মোদী-শাহ-নাড্ডারা রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। এখন কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে। কিছুদিনের মধ্যেই জানা যাবে কার ভাগ্যে টিকিট আছে আর কার নেই।






