কিছুদিন আগে রাজ্য সরকারের তরফে জারি এক নির্দেশিকায় বলা হয়েছিল করোনার চিকিৎসা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এর থেকেও সংক্রমন ছড়াতে পারে। এই নিয়ে একটি জনস্বার্থ মামলা এখন বিচারাধীন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কাছে একমাত্র ফোনই ছিল যোগাযোগের মাধ্যম। তাই সেই যোগাযোগও ছিন্ন হওয়ায় কলকাতার বিভিন্ন হাসপাতালে যাঁরা ভর্তি রয়েছেন তাঁদের পরিবারে উৎকণ্ঠার শেষ নেই। লকডাউনের মধ্যে হাসপাতালে গিয়ে পরিজনের খবর নিয়ে আসারও কোনও উপায় নেই আপাতত। পাশাপাশি রাজ্যে যেভাবে করোনাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে তাতে, অসুস্থ মানুষদের ও তার পরিবারবর্গের উদ্বিগ্ন হওয়াটা খুবই স্বাভাবিক। এমতাবস্থায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন এম আর বাঙ্গুর হাসপাতালের নার্সরা।
হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের উৎকণ্ঠা কমাতে এবার স্বাস্থ্যকেন্দ্রের নার্সরাই মোবাইলে ভিডিয়ো কলের মাধ্যমে রোগীদের তাঁর পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছেন। অনেকেই ভিডিয়ো কলে পরিবারের লোকদের সঙ্গে কথা বলে একটু স্বস্তি পাচ্ছেন। কেউ কথা বলছেন তাঁর সন্তানের সঙ্গে। কেউবা পরিবারের লোকজনদেরই সাহস দিচ্ছেন।
এদিকে, বাঙ্গুর হাসপাতালে একের পর এক মৃত্যুর ঘটনায় বিতর্ক তৈরি হয়েছিল দেশজুড়ে। বিতর্কের মুখে পড়ে বেলেঘাটা আইডি থেকে অভিজ্ঞ চিকিৎসকদের পাঠানো হয় সেখানে। তারপরই পরিস্হিতি বদলাতে শুরু করে।





