আজকের দিনে দাঁড়িয়ে যেখানে গোটা দেশ একত্রিত হয়ে দেশপ্রেম ও জাতীয় নিরাপত্তার প্রতি সম্মান জানাচ্ছে, সেখানে কিছু ঘটনা আমাদের ভাবিয়ে তোলে। বিশেষ করে প্রযুক্তি ও অনলাইন দুনিয়ার উন্নতির পরেও দেশের ভাবাবেগে আঘাত লাগা যেন আটকানো যাচ্ছে না। যখন আমরা সোশ্যাল মিডিয়া, ই-কমার্স সাইট বা অ্যাপে কয়েক ক্লিকে যেকোনো জিনিস অর্ডার করতে পারি, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু সংস্থা যদি শত্রু দেশের জিনিস বিক্রি করে—তা যে কতটা ক্ষতিকর, তা আর বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় ধর্ম দেখে বেছে বেছে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে। ২৬ জনের মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তার ঠিক পরেই ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর কড়া জবাব প্রত্যক্ষ করেছে দেশবাসী। শত্রু দেশের বিরুদ্ধে এমন প্রতিশোধের আবহে দাঁড়িয়ে যখন সবাই একসাথে প্রতিবাদে গলা মিলিয়েছে, তখনই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য—আমাজন, ফ্লিপকার্টের মতো নামজাদা ই-কমার্স সাইটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকা। এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের পতাকা বিক্রির অভিযোগে একাধিক ই-কমার্স সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নিজেই এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করে জানান, অ্যামাজন, ফ্লিপকার্ট, ইউবাই ইন্ডিয়া, দ্য ফ্ল্যাগ কোম্পানি, দ্য ফ্ল্যাগ কর্পোরেশন সহ একাধিক সংস্থা এই অপরাধে যুক্ত। তাঁর মতে, এই কাজ দেশের ভাবাবেগে সরাসরি আঘাত হানে। তাই অবিলম্বে পাকিস্তানের পতাকা এবং অন্য কোনো দেশবিরোধী সামগ্রী বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সমস্ত অনলাইন ব্যবসায়ীকে আইন মেনে কাজ করারও বার্তা দিয়েছেন তিনি।
এই ঘটনায় প্রথম সাড়া দেয় ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন—কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও প্রহ্লাদ যোশীকে চিঠি দিয়ে বিষয়টি জানান হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, একাধিক অনলাইন শপিং সাইটে পাকিস্তানের পতাকা ছাড়াও শত্রু দেশের নানা সামগ্রী বিক্রি হচ্ছে। এরপরই কেন্দ্রীয় মন্ত্রক পদক্ষেপ নেয় ও সমস্ত অভিযুক্ত সংস্থাকে কড়া নির্দেশিকা পাঠায়।
আরও পড়ুনঃ India Pakistan conflict : ‘শুধু ভাঙা বাড়ির ছবি দেখিয়ে যুদ্ধ জিতল সরকার?’ — কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ সৌগত রায়ের!
কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে—দেশবিরোধী কোনো সামগ্রী, বিশেষ করে পাকিস্তানের জাতীয় পতাকা অনলাইনে বিক্রি করা যাবে না। সিসিপিএ-র তরফে দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত সংস্থাগুলিকে আইনি নোটিস পাঠানো হয়েছে এবং তাদের ওয়েবসাইট থেকে ওই পণ্যগুলি অবিলম্বে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে সরকার যেমন নিজের কর্তব্য পালন করেছে, তেমনই সাধারণ নাগরিকদের মধ্যেও স্বস্তি ফিরেছে। এখন দেখার, ই-কমার্স সংস্থাগুলি কত দ্রুত এবং কীভাবে এই নির্দেশ মান্য করে।






