Weather update : দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, কলকাতায় রবিবারেই ঝড়-বৃষ্টি! কী জানাল হাওয়া অফিস?

গরমে অতিষ্ট রাজ্যবাসী। ঘাম, অস্বস্তি, গলগলিয়ে পড়া জল আর উত্তপ্ত রোদের তীব্রতা যেন ধৈর্যের শেষ সীমায় পৌঁছে দিয়েছে সাধারণ মানুষকে। কেউ অফিসে যাবার পথে, কেউ বা হাটে-বাজারে বেরিয়ে প্রতিদিনের কাজ সামলাতে গিয়ে তাপমাত্রার অত্যাচারে নাজেহাল। প্রখর রোদ আর গরম হাওয়ায় হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যের। এক ফোঁটা বৃষ্টির আশায় তাই সকলেই চোখ রেখেছে আকাশের দিকে।

এই সময়ে এমন পরিস্থিতি অবশ্য নতুন নয়। কিন্তু এবারের গরম যেন কিছুটা বেশিই বেপরোয়া। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়িয়ে তুলছে অস্বস্তি। স্নান করেও যেন শরীর শুষ্ক হয় না। এই অবস্থায় একটু ঠান্ডার পরশের জন্য মানুষ অপেক্ষা করে আছে বৃষ্টির। ঠিক সেই সময়েই আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তা বিস্তার লাভ করেছে। এটি ধীরে ধীরে আরও উত্তর ও পশ্চিমে এগিয়ে আসছে, যা বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাওয়া অফিসের মতে, আগামী কয়েকদিনের মধ্যেই মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরেও প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের একটি সক্রিয় ঘূর্ণাবর্ত এই মৌসুমি বায়ুর অগ্রগতিকে আরও তরান্বিত করছে। ফলে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। যদিও এখনই বৃষ্টির জোয়ার বইবে না, তবে এই পরিবর্তন আগামী সপ্তাহজুড়ে রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিতে পারে।

আলিপুরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এবং হুগলিতে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। শিলাবৃষ্টি ও বজ্রপাতও হতে পারে বিক্ষিপ্তভাবে। কলকাতাতেও আবহাওয়া থাকবে একইরকম। রবিবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে স্বস্তির বিষয়, গরম কিছুটা কমবে। বুধবারের মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে বলে মত আবহাওয়াবিদদের।

আরও পড়ুনঃ Astrology : শুক্রের গোচরে বদল ৩১ মে! ভাগ্য খুলতে চলেছে এই তিন রাশির, আসছে সুখ ও সমৃদ্ধির বার্তা!

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনকি উত্তর দিনাজপুরেও সোমবার পর্যন্ত হতে পারে ভারী বৃষ্টিপাত। দার্জিলিং থেকে মালদা, প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সবমিলিয়ে বলা যায়, স্বস্তির অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন বাংলার আকাশে নতুন আশার মেঘ জমাতে শুরু করেছে। এই মৌসুমি হাওয়ার জোরেই আপাতত কিছুদিনের জন্য হলেও গরমের দাপট থেকে রেহাই পেতে চলেছে রাজ্যবাসী।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles