এবার দ্বিতীয় অর্থনৈতিক স্টিমুলাস প্যাকেজ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে এই ব্যাপারে বৈঠক করেছেন। করোনা ভাইরাস আটকাতে লকডাউন চলায় বিশেষত ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ক্ষেত্রের কথা মাথায় রেখে এ দিনের আলোচনা হয়েছে।
শনিবার অর্থমন্ত্রক প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত তথ্য দিয়েছে কেমন অবস্থায় রয়েছে দেশের অর্থনীতি এবং ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে কি কি ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই ব্যাপারে। প্রধানমন্ত্রী শুক্রবার অসামরিক বিমান চলাচল, শ্রম এবং বিদ্যুৎ মন্ত্রকের সঙ্গেও বৈঠক করেছেন।
লকডাউন চালু হওয়ায় সব রকম অর্থনৈতিক কার্যকলাপ স্তব্ধ হয়ে গিয়েছে। গরীব ও প্রান্তিক মানুষ বিশেষত যারা দিন আনে দিন খায় তারা ভীষণভাবেই অসুবিধায় পড়েছেন। পরিস্থিতি পর্যালোচনা করে মার্চ মাসের শেষের দিকেই কেন্দ্রীয় সরকার ১.৭ লক্ষ্ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করে, যার মধ্যে ছিল গরীবদের জন্য বিনামূল্যে খাদ্য ও রান্নার গ্যাস এবং নগদ টাকা দেওয়ার ব্যবস্থা। সূত্রের খবর এবার সরকার খতিয়ে দেখে ঘোষণা করবে দ্বিতীয় দফার ত্রাণ সামগ্রী এবং অর্থনৈতিক প্যাকেজ খুব শীঘ্রই।






