Covid Alert: মুম্বইয়ে ১৪ বছরের কিশোর-সহ ২ জনের মৃত্যু! আবার ফিরছে করোনার আতঙ্ক!

৩ বছর আগে ঠিক এই সময়েই গোটা দেশজুড়ে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল করোনা (Covid-19)। আতঙ্ক, হাহাকার আর মৃত্যু—এই ছিল তখনকার প্রতিদিনের চিত্র। সেই দুঃসহ দিনগুলোর ক্ষত আজও অনেকের মনে টাটকা। আর সেই পুরনো আতঙ্ক যেন আবারও ফিরে আসছে। কারণ, সম্প্রতি ফের শোনা যাচ্ছে করোনায় মৃত্যুর খবর। যার জেরে অনেকেই প্রশ্ন করছেন—আবার কি ফিরবে সেই লকডাউন, কোয়ারেন্টাইন আর আইসোলেশনের দিনগুলো?

সিঙ্গাপুর ও হংকং—দুই এশিয়ার ঘনবসতিপূর্ণ অঞ্চলে ইতিমধ্যেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কবার্তাও। আর এই খবর সামনে আসতেই ভারতেও চিন্তা বাড়ছে। কারণ, এই দেশগুলোর সঙ্গে ভারতের পর্যাপ্ত যাতায়াত থাকায় সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর এখনো কোনও বড়সড় সতর্কতা জারি করেনি, কিন্তু বিশেষজ্ঞ মহলে শুরু হয়েছে আলাপ-আলোচনা।

এই পরিস্থিতির মধ্যেই মুম্বই থেকে উঠে এল আরও এক তথ্য—দুই করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। খবরটি সামনে আসতেই শুরু হয় চাঞ্চল্য। একজনের বয়স মাত্র ১৪ বছর, অপরজন ৫৪ বছরের এক পুরুষ। তবে এখানেই পুরোটা থেমে থাকেনি বিতর্ক। প্রশ্ন উঠতে থাকে—এই মৃত্যুগুলি কি আদৌ কোভিডের জন্য? চিকিৎসকরা বলছেন, বিষয়টা যতটা ভাবা হচ্ছে, ততটা গুরুতর নয়। তবুও, ১৪ বছরের একটি শিশুর মৃত্যু স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে বিচলিত করে তুলেছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ১৪ বছর বয়সী কিশোর ‘নেফ্রোটিক সিনড্রোম’-এ আক্রান্ত ছিলেন এবং তার কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছিল। এছাড়া হাইপোক্যালসেমিয়ার কারণে খিঁচুনিও শুরু হয়েছিল। অন্যদিকে, ৫৪ বছরের যিনি মারা গিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এবং অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। তাই এই দুই রোগীর মৃত্যু করোনার কারণে নয়, বরং তাদের কো-মর্বিডিটির জন্যই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিএমসি।

আরও পড়ুনঃ Nadia: দেশবিরোধী স্লোগানে প্রতিবাদ করতেই রক্তাক্ত দম্পতি, নদিয়ায় চাঞ্চল্য! বিতর্কিত পোস্টে ধৃত তরুণী

বর্তমানে ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ২৫৭। যার মধ্যে বেশিরভাগ রোগীর উপসর্গ মৃদু, এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হচ্ছে না। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। মাস্ক পরা, হাত ধোওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা—এই সামান্য অভ্যাসই পারে আমাদের বড় বিপদ থেকে বাঁচাতে। এখনই আতঙ্ক নয়, বরং সচেতনতার সময়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর