Weather update : উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই তাণ্ডবের আশঙ্কা, আজ থেকে বৃষ্টি, কড়া হুঁশিয়ারি চার জেলায়!

গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। সকাল হতে না হতেই মাথার উপর জ্বলন্ত সূর্য, আর দুপুর বাড়তেই চারপাশে যেন আগুনের হল্কা। এসি চললেও ঘাম ঝরে, ফ্যানের হাওয়াতেও মিলছে না শান্তি। শহর হোক বা মফস্বল—প্রতিদিনের জীবন হয়ে উঠেছে একপ্রকার যুদ্ধ। এই পরিস্থিতিতে মানুষ আজকাল সকাল থেকে আকাশের দিকে তাকিয়ে থাকে—কবে বর্ষার বার্তা নিয়ে আসবে দু’ফোঁটা শান্তির বৃষ্টি?

তবে সপ্তাহের মাঝামাঝি এসে আবহাওয়ার যে ভোলবদল হচ্ছে, তাতে সামান্য হলেও আশার আলো দেখছেন অনেকে। একদিকে তাপমাত্রা যেমন বাড়ছে না, অন্যদিকে কোথাও কোথাও সন্ধ্যাবেলা শুরু হয়েছে হালকা বৃষ্টিপাতও। অনেকেই বলছেন, এই বুঝি মেঘ করে আসছে! আবহাওয়াবিদদের কথাতেই এবার স্পষ্ট—রাজ্যে চলতি সপ্তাহেই বড়সড় আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে।

আবহাওয়া দফতর সূত্রে পাওয়া তথ্যে জানা গিয়েছে, আজ, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। কলকাতার তাপমাত্রা আজ সর্বোচ্চ ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি হলেও গরম অনুভব হচ্ছে বেশি। আগামী কয়েকদিনে তাপমাত্রা বড় একটা বদলাবে না, তবে আকাশ থাকবে মেঘলা। আজ থেকেই শুরু হতে পারে ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এই আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এমনকী, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুনঃ Astrology: মিথুন রাশিতে তৈরি বিরল ত্রিগ্রহী যোগ! এই ৩ রাশির জীবনে আসতে চলেছে আশ্চর্য পরিবর্তন!

সবচেয়ে গুরুতর সতর্কতা জারি হয়েছে আজ চারটি জেলার জন্য—দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর। এই জেলাগুলিতে আজ সারাদিন জুড়ে ভারী বৃষ্টি এবং প্রবল ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতর থেকে বারবার জানানো হচ্ছে, এই সময় অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে না বেরোনোই ভাল। একইসঙ্গে দক্ষিণবঙ্গেও আজ থেকে আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। ফলে রাজ্যের অধিকাংশ জেলাতেই সপ্তাহ জুড়ে আবহাওয়া থাকবে একেবারে দুর্যোগপূর্ণ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর