আবার যেন অতীতের সেই দুঃস্বপ্ন ফিরছে! ২০২০-২১ সালের আতঙ্ক যেন ফের চোখ রাঙাচ্ছে দেশবাসীকে। সম্প্রতি হঠাৎ করেই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। চারদিকে ফের শোনা যাচ্ছে সর্দি-কাশি-জ্বরের উপসর্গের কথা। কেরল থেকে দিল্লি, পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র— সর্বত্রই আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, মাত্র ১০ দিনের মধ্যে ১৫ গুণ বেড়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে ফের একবার নড়েচড়ে বসল কেন্দ্র। করোনা রুখতে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, এখনই সাবধান না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।
সংক্রমণ ঊর্ধ্বমুখী, কোন রাজ্যে কত আক্রান্ত?
স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৮৬৬। যা পাঁচ হাজারের একেবারে দোরগোড়ায়। সর্বাধিক সংক্রমণ কেরলে— সেখানে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,৪৮৭। এরপর রয়েছে রাজধানী দিল্লি, যেখানে সংক্রমিতের সংখ্যা ৫৬২। তালিকায় তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ, যেখানে মোট আক্রান্ত ৫৩৮ জন। শুধুমাত্র রাজ্যেই একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। পরিসংখ্যান বলছে, এই বৃদ্ধির হার যথেষ্ট উদ্বেগজনক। ফলে দেশের বিভিন্ন প্রান্তে কোভিড সংক্রান্ত সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার।
ফের জারি সতর্কবিধি, কী কী মানতে হবে?
কেন্দ্র জানিয়েছে, করোনার আগের ঢেউগুলির মতো ভয়াবহতা যাতে না ফিরে আসে, সেই কারণেই স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জারি করা হয়েছে ১০ দফা বিধিনিষেধ—
বাজার, হাট বা হাসপাতালের মতো ভিড় এলাকায় ১ মিটার দূরত্ব বজায় রাখতে হবে
কোলাকুলি বা করমর্দনের বদলে নমস্কারেই অভ্যর্থনা জানাতে হবে
বাড়ির মধ্যে কোনও সামাজিক অনুষ্ঠান না করার পরামর্শ
বাইরের লোকের আগমন সীমিত রাখতে বলা হয়েছে
নিয়মিত জল-সাবান দিয়ে হাত ধোওয়া বা স্যানিটাইজার ব্যবহার করতে হবে
হাঁচি বা কাশির সময় রুমাল বা টিস্যু দিয়ে মুখ ঢাকার পরামর্শ
ব্যবহৃত টিস্যু বা রুমাল ডাস্টবিনে ফেলতে হবে
চোখ, নাক বা মুখ স্পর্শ করার আগে হাত ধোওয়া আবশ্যক
উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
জ্বর-কাশি থাকা ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখতে হবে
কাদের করোনা পরীক্ষা করানো উচিত? জানালো কেন্দ্র
এই সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে কারা কারা করোনা পরীক্ষা করাবেন, সে বিষয়েও বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে—
গত ১৪ দিনের মধ্যে যাঁরা বিদেশ থেকে ফিরেছেন এবং উপসর্গ রয়েছে, তাঁদের করোনা পরীক্ষা আবশ্যক
চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মধ্যে যদি উপসর্গ দেখা দেয়, তাঁদেরও পরীক্ষা করাতে হবে
কোভিড পজিটিভ কোনও ব্যক্তির সংস্পর্শে এলেই পরীক্ষা করাতে হবে
আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই ঘরে থাকা ব্যক্তিদেরও কোভিড পরীক্ষা করাতে হবে
যাঁদের ইনফ্লুয়েঞ্জা জাতীয় উপসর্গ যেমন জ্বর, সর্দি বা শ্বাসকষ্ট রয়েছে, তাঁদের অবিলম্বে পরীক্ষা করানোর পরামর্শ
হাই রিস্ক কনট্যাক্টদের ক্ষেত্রে উপসর্গ না থাকলেও, সংস্পর্শে আসার ৫ দিন ও ১৪ দিনের মাথায় পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে
আরও পড়ুনঃ Udayan Guha : ‘দেখুন আমাদের কষ্ট’, কাদা-মাখা রাস্তা দিয়ে উদয়ন গুহকে হেঁটে যেতে বাধ্য করলেন গ্রামের মহিলারা!
সরকারের তরফে জানানো হয়েছে, কেউ যদি করোনার উপসর্গে ভোগেন, তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজন হলে ০১১-২৩৯৭৮০৩৬ নম্বরে কল করে সরকারি হেল্পলাইন থেকে পরামর্শ নিন। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারেই সময় থাকতে সতর্কতা অবলম্বন করতে হবে, নইলে ফের বাড়তে পারে বিপদ। নিয়ম মেনে চললেই প্রতিরোধ করা যাবে সংক্রমণ।






