গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। একদিকে বাড়ছে তাপমাত্রা, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিও কাবু করে দিচ্ছে মানুষকে। সকালে হালকা ঠান্ডা ভাব থাকলেও দুপুর গড়াতেই রোদের দাপটে নাজেহাল হতে হচ্ছে। যদিও কোথাও কোথাও মেঘ জমছে, তবু বৃষ্টির দেখা মিলছে না। দক্ষিণবঙ্গ জুড়ে ক্রমেই শুষ্ক হচ্ছে পরিবেশ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ১২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং পশ্চিমী গরম হাওয়া ঢুকে পড়ায় তাপমাত্রা আরও বাড়তে পারে। তিন দিনের মধ্যে পারদ চড়তে পারে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার আগে অবধি অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গেই মানিয়ে চলতে হবে রাজ্যবাসীকে।
শনিবার থেকে কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে শুষ্ক ও গরম হাওয়ার প্রভাব বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে দিনের বেলায় প্রচণ্ড রোদ ও গরম অনুভূত হবে। এমনকি আর্দ্রতা বেশি থাকায় ঘামাচি ও ক্লান্তি বাড়বে। অন্যান্য জেলাতেও গরমের প্রভাব লক্ষ করা যাবে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির ইঙ্গিতও রয়েছে পরবর্তী কয়েক দিনে। তবে এখানেও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ, বৃষ্টির সঙ্গে সঙ্গে গরমও লেগে থাকবে।
আরও পড়ুনঃ Sharmistha Panoli : ধর্মীয় মন্তব্য ঘিরে বিতর্কের পর হাইকোর্টে জামিন পেলেন আইন শিক্ষার্থী শর্মিষ্ঠা! বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি!
কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৬৮ থেকে ৯৫ শতাংশের মধ্যে। আজ থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তাই আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার অপেক্ষা, আর গরমে সতর্ক থাকাই একমাত্র উপায়।






