দুর্গম সুন্দরবনের নদী পথ বরাবর সীমান্তে কতটা কঠিন পরিস্থিতি, তা নয়া করে বলার অপেক্ষা রাখে না। বিস্তীর্ণ জলপথ, জঙ্গলের ঘনত্ব আর ভৌগোলিক অবস্থানের কারণে এই রুট বহুদিন ধরেই অনুপ্রবেশকারীদের পছন্দের রাস্তা হয়ে উঠেছে। সাম্প্রতিক কালে এই পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে বলে মনে করছেন সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) আধিকারিকরা। সেই কারণেই এবার অনুপ্রবেশ রুখতে নেওয়া হচ্ছে বিশেষ প্রযুক্তির সাহায্য।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-র সঙ্গে যৌথভাবে কাজ শুরু হয়েছে। আধুনিক স্যাটেলাইট ইমেজ (satellite images) এবং ড্রোন পর্যবেক্ষণ(drone surveillance) ব্যবহার করে সুন্দরবনের নদী পথে নজরদারি আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে সুন্দরবনের ১১৩ কিলোমিটার নদী সীমান্তকে এই নতুন প্রযুক্তির আওতায় আনা হবে। বিএসএফের দাবি, এতদিন ভাসমান বর্ডার আউট পোস্ট থাকলেও তা পর্যাপ্ত ছিল না। তাই এই প্রযুক্তির সংযোজন পরিস্থিতি অনেকটাই বদলে দেবে।
বিএসএফের শীর্ষ আধিকারিকদের মতে, বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। ভারত-বিরোধী জেহাদি কার্যকলাপের আশঙ্কা রয়েছে বলেও মত তাঁদের। এই অবস্থায় সুন্দরবনের দুর্গম নদী পথকে জেহাদিরা ব্যবহার করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিএসএফের এক কর্তা জানিয়েছেন, ‘‘আমাদের স্থল সীমান্তে (land border) অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে সফলতা এসেছে। কিন্তু জলপথের ক্ষেত্রে সেই চ্যালেঞ্জ রয়ে গিয়েছে।’’
ডিআরডিও-র স্মার্ট (radar technology) এবার সেই ফাঁক ভরাট করবে বলে মনে করা হচ্ছে। বিএসএফ সূত্রের দাবি, শুধু নজরদারি নয়, অনুপ্রবেশের আগে আগেই সতর্কতা পাওয়া যাবে। বাংলাদেশি সিম ব্যবহৃত মোবাইল ফোন নদী পার হওয়ার সময়ই রাডারে সিগন্যাল ধরা পড়বে। ফলে বিএসএফ আগেই প্রস্তুতি নিতে পারবে। এটি গোটা সীমান্ত নজরদারির ক্ষেত্রে বড় বদল আনবে বলেই মনে করা হচ্ছে।
আর পড়ুনঃ Weather update : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরমে হাঁসফাঁস অবস্থা, বৃষ্টি কবে থেকে? জেনে নিন আবহাওয়ার আপডেট!
বর্তমানে সুন্দরবনের নদী সীমান্তে ১৩টি ভাসমান বর্ডার আউট পোস্ট রয়েছে। কিন্তু তা যে যথেষ্ট নয়, তা স্বীকার করেছেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আধিকারিকরা। তাঁদের মতে, ডিআরডিও-র নতুন প্রযুক্তি যুক্ত হলে নদী পথের প্রতিটি অংশ আরও বেশি সুরক্ষিত থাকবে। এই পদক্ষেপের ফলে বাংলাদেশের দিক থেকে আসা অনুপ্রবেশকারীদের কার্যত প্রথম পর্যায়েই ধরে ফেলা সম্ভব হবে। ফলে সুন্দরবনের সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে এটি এক নতুন অধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!