করোনা পরিস্থিতি ‘বিপজ্জনক উইকেটে টেস্ট’ খেলার সমান, মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের

‘বিপজ্জনক উইকেটে টেস্ট’ খেলা হচ্ছে এই করোনা পরিস্থিতি। এমনই মন্তব্য করলেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৩৪ লক্ষের মতো মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ২.৪ লক্ষের। 

এই পরিস্থিতিতে সৌরভ একটি অনুষ্ঠানে বলেন, “এখনকার পরিস্থিতি ভয়ঙ্কর পিচে টেস্ট ম্যাচ খেলার মতোই। বল সিম করছে এবং ঘুরছে। ফলে ব্যাটসম্যানের নামমাত্র ত্রুটিও বিপদের কারণ হয়ে উঠছে। কিন্তু ব্যাটসম্যানকে তো উইকেট বাঁচানোর পাশাপাশি রান করতেও হবে। মনে রাখা দরকার, মার্জিন অব এরর খুব কম। আর সে ভাবেই ম্যাচে জিততে হবে”।

ফিভার নেটওয়ার্কের শুরু করা উদ্যোগ ‘হান্ড্রেড আওয়ার্স হান্ড্রেড স্টারস’ অনুষ্ঠানে এই মন্তব্য করেন সৌরভ। তিনি বলেন, “এটা একটা কঠিন সময়। কিন্তু আমরা আশাবাদী যে, এক সঙ্গে লড়াই করে ম্যাচটা আমরাই জিতব”। সৌরভের কণ্ঠে ঝরে পড়ে ভয়ও। তিনি বলেন, “এত মানুষ আক্রান্ত হচ্ছেন, মৃত্যু হচ্ছে। আমি এমন পরিস্থিতিতে ভয় পাচ্ছি। আমার বাড়িতেও তো প্রতিদিন অনেকেই আসেন। যে কারণে আমি আতঙ্কিত। যতটা তাড়াতাড়ি সম্ভব এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছি”।

তিনি আরও বলেন, “এমন পরিস্থিতি দেখে আমি হতাশ। কত মানুষ কষ্টে রয়েছেন। কী ভাবে যে এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি মিলবে, তা খুঁজে বের করতে আমরা হিমশিম খাচ্ছি। বিশ্বজোড়া এই পরিস্থিতিতে আমি উদ্বগ্ন। কখন আর কী ভাবে যে এটা এল, তা আমি জানি না। আসলে এমন কিছুর জন্য আমাদের আগাম প্রস্তুতি ছিল না”।

আরও অন্যান্য খবর