ভারত-পাকিস্তান সম্পর্ক বরাবরই নানা কারণে টালমাটাল। কখনও সীমান্ত সংঘর্ষ, কখনও জঙ্গি অনুপ্রবেশ তো কখনও আন্তর্জাতিক কূটনীতির রেশ টানছে দুই দেশের স্নায়ুযুদ্ধকে। আর এই তালিকায় নতুন সংযোজন ‘সিন্ধু জল চুক্তি’ (Indus Water Treaty)। কয়েক মাস ধরে চুক্তি স্থগিত থাকার পর পাকিস্তান একাধিক বার ভারতের কাছে তা পুনর্বহালের আর্জি জানিয়েছে। তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন— এই চুক্তি আর কখনওই ফিরবে না।
সম্প্রতি সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, “না, এটি কখনই পুনরুদ্ধার করা হবে না। আন্তর্জাতিক চুক্তিগুলি একতরফাভাবে বাতিল করা যায় না ঠিকই, তবে আমাদের এটি স্থগিত রাখার অধিকার রয়েছে, যা আমরা করেছি।” তিনি জানান, পাকিস্তানের দিকে জল যাওয়ার বদলে এখন সেই জল খাল তৈরি করে রাজস্থানে নিয়ে যাওয়া হবে। একথা প্রকাশ্যে বলার পরেই আন্তর্জাতিক মহলে এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই জটিল আকার নেয় পরিস্থিতি। সেই হামলার পর প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই সিন্ধু জল চুক্তি স্থগিত করে ভারত। বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়ে দেন— যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে পুরোপুরি বন্ধ করছে, ততদিন এই চুক্তি আর বলবৎ থাকবে না।
এই পরিস্থিতিতে পাকিস্তানের তরফে জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মুর্তজা ভারতের জলশক্তি মন্ত্রকে চারটি চিঠি পাঠান। এর মধ্যে একটি ছিল অপারেশন সিঁদুরের পরেই। তবে ভারত সেই চিঠিগুলির উত্তরে কোনও ইতিবাচক বার্তা দেয়নি। বরং বিদেশ মন্ত্রকের মাধ্যমে চিঠিগুলিকে যথাযথ প্রক্রিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে পাকিস্তানে জলসংকট শুরু হয়েছে বলে আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে।
আরও পড়ুনঃ রেশন দোকানে মিলছে জগন্নাথদেবের মহাপ্রসাদ! দীঘা থেকে চুঁচুড়ায় ভক্তদের ভিড়, শুরু বিতর্কও
এই প্রসঙ্গেই অমিত শাহ কংগ্রেসের ভূমিকার কড়া সমালোচনা করেন। বলেন, “তাদের আমলে হলে কি হত? একজন মন্ত্রী বদল ছাড়া কিছু করত না ওরা। আজ কাশ্মীরের শান্তি বজায় রাখতে আমাদের যা করা দরকার, আমরা করব। পাকিস্তান আক্রমণ করলে, জবাব আসবেই। ওদের বিমানঘাঁটি ধ্বংস করেছি বলেই যুদ্ধবিরতির আর্জি জানাতে বাধ্য হয়েছিল।” অর্থাৎ শুধু পাকিস্তান নয়, দেশের রাজনৈতিক বিরোধীদেরও একহাত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন দেখার, পাকিস্তান আবার কী জবাব দেয় এই কড়া বার্তার।






