ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া শুক্রবার (২০ জুন) এক সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বর্তমান সভাপতি কল্যাণ চৌবেকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। বাইচুং অভিযোগ করেন, কল্যাণের নেতৃত্বে ভারতীয় ফুটবল তার ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে—পারফরম্যান্স এবং বিশ্বাসযোগ্যতা—দু’দিক থেকেই।
বাইচুং বলেন, “আজ AIFF একটা সার্কাসে পরিণত হয়েছে। আর যখন একজন জোকারকে শীর্ষপদে বসানো হয়, তখন এমনটাই হয়।” তিনি আরও জানান, আই-লিগ জয়ের প্রশ্নে ইন্টার কাশী ও চার্চিল ব্রাদার্সের মধ্যে সৃষ্ট জটিলতার জন্য সরাসরি ফেডারেশনই দায়ী।
এর পাল্টা জবাবে AIFF সভাপতি কল্যাণ চৌবে বলেন, বাইচুং ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত AIFF-র সভাপতি নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন অভিযোগ করে চলেছেন। কল্যাণের দাবি, “ওই নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই বাইচুং ক্রমাগত ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় ফুটবলের জন্য মারাত্মক ক্ষতিকর।”
AIFF-এর পক্ষ থেকে একটি লিখিত বিবৃতিও প্রকাশিত হয়েছে যেখানে কল্যাণ চৌবে বাইচুংয়ের মন্তব্য নস্যাৎ করে বলেন, “যদি বাইচুং কোনও গঠনমূলক পরামর্শ দিতে চায়, তবে সেটা অবশ্যই বিবেচনা করা হবে। ভারতীয় ফুটবলের স্বচ্ছতা ও সম্মিলিত উন্নয়নের স্বার্থে আমরা সবসময়ই সহযোগিতামূলক মনোভাব পোষণ করি।”
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে AIFF সভাপতির পদে প্রার্থী হয়েছিলেন বাইচুং, কিন্তু সেই নির্বাচনে তিনি কল্যাণ চৌবের কাছে পরাজিত হন। এবারের সাংবাদিক সম্মেলনে বাইচুং স্পষ্ট জানান, যদি ভবিষ্যতের নির্বাচনে সরকারি হস্তক্ষেপ থাকে, তাহলে তিনি আর লড়াইয়ে নামবেন না।
তবে তিনি এ-ও বলেন, “যদি সবাই মনে করেন আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব, তবে আমি প্রস্তুত। কিন্তু কেউ যদি ফুটবলের উন্নয়নের স্বার্থে নিরপেক্ষভাবে এগিয়ে আসেন, আমি তাকে সম্পূর্ণ সমর্থন করব।”
আরও পড়ুনঃ Indus Water Treaty: ‘কখনওই ফিরবে না চুক্তি’, পাক-বিরোধী সুর চড়ালেন অমিত শাহ!
রাজনীতি এবং খেলার মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে বাইচুং বলেন, “রাজনীতির সমস্যা নেই, কারণ অতীতে প্রিয়রঞ্জন দাসমুন্সী এবং প্রফুল প্যাটেলের মতো নেতারা যথেষ্ট ভালো কাজ করেছেন। কিন্তু আজ কল্যাণ চৌবের নেতৃত্বে ভারতীয় ফুটবল কলঙ্কিত হয়ে পড়েছে।” এই বিবৃতি ঘিরে ভারতীয় ফুটবলমহলে জোর আলোচনা শুরু হয়েছে। বাইচুংয়ের এমন বিস্ফোরক মন্তব্যে নতুন করে উত্তাল দেশের ফুটবল প্রশাসন।






