Weather update : ৭ দিন ধরে চলবে দুর্যোগ! কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জানুন বিস্তারিত!

জুলাইয়ের শুরুতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন। অফিসযাত্রীদের দুর্ভোগ, স্কুলছুট পড়ুয়াদের ভেজা ইউনিফর্ম কিংবা মেট্রোর প্ল্যাটফর্মে জমে থাকা জল—সবই যেন এক কথায় বর্ষার চেনা ছবি। সময়ের আগেই রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা, আর তার সঙ্গে জোট বেঁধেছে নিম্নচাপ। গত ক’দিন ধরেই কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে থেমে থেমে চলেছে বৃষ্টির পালা। পরিস্থিতি দেখে প্রশ্ন উঠছে, এই দুর্যোগের শেষ কবে?

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে বৃষ্টিপাত। মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

আজ, অর্থাৎ মঙ্গলবার তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে। যদিও বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। তবে সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। শনিবার দুর্যোগের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।

শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেও বুধবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। শুক্রবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টির দাপট। ফলে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন কেটে যাবে ছাতা ও রেনকোটের সঙ্গেই।

আরও পড়ুনঃ Astrology : ১ জুলাই গজকেশরী যোগ! হনুমানের কৃপায় ধনু-সহ ৫ রাশির ভাগ্য বদলাবে নতুন মাসের নতুন সপ্তাহে!

আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে, যা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওডিশা ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রায় ৯৭ শতাংশ। ফলে ভ্যাপসা গরমের পাশাপাশি বৃষ্টিও জারি থাকায় শহরবাসীকে নাজেহাল হতে হতে পারে গোটা সপ্তাহ জুড়েই।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর