পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট: রাজ্যজুড়ে চলবে ঝড়-বৃষ্টি, কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

নিম্নচাপ সরলেও রাজ্যে এখনই থামছে না ঝড়-বৃষ্টি। মৌসুমী অক্ষরেখার প্রভাবও কিছুটা কমেছে, ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়া সামান্য উন্নত হলেও, এখনও বৃষ্টির আশঙ্কা থাকছে। আজ, বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়বে। রবিবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কম থাকবে। থাকবে আংশিক মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান — এই সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে।

অবশ্য নিম্নচাপ সরে যাওয়ার পরেও রাজ্যে ঝড়বৃষ্টি অব্যাহত। দক্ষিণবঙ্গের সব জেলায় আজ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একইসঙ্গে উত্তরের সব জেলাতেও আজ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা থাকায় বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত বজায় থাকবে।

কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। রোদের দেখা মিললে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়ে যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। আজ শহরে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎও দেখা যেতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে। আজ, বুধবার তাপমাত্রা সামান্য বেড়েও যেতে পারে। বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিললেও, বৃষ্টি না হলে অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শহরে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ Astrology : শ্রাবণে শনির বদলানো গতি বদলে দেবে কপাল! ১৩৮ দিন ভাগ্য চূড়ায় উঠবে এই ৩ রাশির!

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৩ থেকে ৯৫ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রির মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১১.৭ মিলিমিটার।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর