RG Kar: তিলোত্তমার মা-বাবাকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামার বার্তা, ৯ আগস্ট শুভেন্দুর নবান্ন অভিযান!

এক বছর কেটে গেলেও ক্ষতের উপশম হয়নি। আজও এক মায়ের চোখে জল, এক বাবার বুকে জমাট বেদনা। বাংলার বুকে আলোড়ন ফেলা তিলোত্তমার মৃত্যুর ঘটনার বর্ষপূর্তিতে ফের প্রতিবাদে সরব বিরোধীরা। আর এই প্রতিবাদের মঞ্চে ফের সামনে এল তিলোত্তমা কাণ্ড। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতি ও কথায় নতুন করে জোর পেল এই লড়াই।

শনিবার, আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর যে বাড়ি আজও এক রকম শোকস্তব্ধ, সেই তিলোত্তমার বাড়িতেই পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। প্রায় এক ঘণ্টা ধরে কথা বলেন তিলোত্তমার মা-বাবার সঙ্গে। মূলত তাঁদের মানসিক সমর্থন জানানো এবং আগামী কর্মসূচিতে তাঁদের পাশে থাকা নিশ্চিত করতেই এই সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে।

আগামী ৯ অগস্ট তিলোত্তমার মৃত্যুর বর্ষপূর্তি। সেই দিনেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি, তবে এবার কোনও দলীয় পতাকা ছাড়াই। শুভেন্দু অধিকারী জানান, এটি শুধুই রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এক প্রতীকী প্রতিবাদ— যে প্রতিবাদে সামিল হতে তিনি তিলোত্তমার মা-বাবাকে অনুরোধ করেছেন। শুভেন্দু বলেন, “পতাকা ছাড়া আমরা আন্দোলন করব। এটা তিলোত্তমাদের ন্যায়বিচারের লড়াই।” তিনি আরও জানান, উল্টোরথের দিন অর্থাৎ ৫ অগস্ট পানিহাটিতে যাওয়ার পর অনুমতি নিয়েই তিনি ওইদিন তিলোত্তমার পরিবারকে এই বার্তা দিতে গিয়েছিলেন।

তবে শুধুই শুভেন্দুর বার্তায় তৃপ্ত নন তিলোত্তমার পরিবার। তাঁদের মধ্যে ক্ষোভ, হতাশা আজও তীব্র। তিলোত্তমার মা বলেন, “আমরা এখনও সেই অন্ধকারেই আছি। সঞ্জয় ছাড়া আর যে দু’জনকে ধরা হয়েছিল, তারা তো ছাড়া পেয়ে গেল। সিবিআই কি সত্যিই কিছুই পায়নি? নাকি পাওয়ার পরও ধামাচাপা দেওয়া হচ্ছে?” এই প্রশ্নই ঘুরে ফিরে উঠছে তিলোত্তমার পরিবারের মনেও, মুখেও।

আরও পড়ুনঃ Weather Update: দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরে বিক্ষিপ্ত বর্ষণ চলবে সপ্তাহ জুড়ে

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি উপরমহলে বিষয়টি জানিয়েছেন এবং আবারও তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনার চেষ্টা করবেন। বিজেপির পক্ষ থেকে যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা হচ্ছে, তা নিঃসন্দেহে আগামী দিনে এই ইস্যুকে ফের আলোচনার কেন্দ্রে নিয়ে আসবে। নবান্ন অভিযান সফল হলে তিলোত্তমার পরিবারের দীর্ঘদিনের ক্ষোভ ও প্রতিবাদেরও হয়তো একটা সদুত্তর মিলবে— এমনটাই আশা করছেন সকলে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর