দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি। প্রথম সন্তানের পর এবার তাঁর কোলে এসেছে কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজেই এই সুখবর অনুরাগীদের জানিয়েছেন পূজা। শুধু সুখবর দেওয়াই নয়, সেই ভিডিওতে একরত্তি মেয়ের মুখের ঝলকও দেখিয়েছেন অভিনেত্রী। খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁর পোস্টের কমেন্ট বক্স।
কিছুদিন আগেই পূজার সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিও নজর কেড়েছিল। অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল গোলাপি রঙের হালকা অর্গানজা শাড়ি এবং লাল কাজ করা ওড়নায় সাবেকি সাজে। পরিবারের রীতি অনুযায়ী, তাঁর কোলে একটি ছোট্ট পুতুল দেওয়া হয়েছিল। পুতুলটির পরনে ছিল ছোট্ট সিল্কের লেহেঙ্গা। সেই ছবি দেখে অনেকেই তখন অনুমান করেছিলেন, অভিনেত্রীর ঘরে এবার হয়তো কন্যাসন্তান আসতে চলেছে।
সাধের অনুষ্ঠানের সেই মুহূর্ত ঘিরে অনুরাগীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছিল। অনেকেরই ধারণা ছিল, হয়তো পূজা আগে থেকেই সন্তানের লিঙ্গ সম্পর্কে জানতেন এবং সেই কারণেই অনুষ্ঠানে মেয়ের পুতুল রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি হল। পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী। নতুন অতিথিকে ঘিরে পূজা এবং তাঁর পরিবারে এখন খুশির আবহ।
গত ২১ এপ্রিল সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব ভ্লগের মাধ্যমে দ্বিতীয়বার বাবা মা হতে চলার খবর জানিয়েছিলেন পূজা ও তাঁর স্বামী। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। ২০২০ সালে প্রথমবার মা হয়েছিলেন পূজা। সেই সময় তাঁর কোলে এসেছিল পুত্রসন্তান। এবার পরিবারে আরও এক সদস্যের আগমনে পূজা ও তাঁর স্বামীর সংসার পূর্ণ হল। মেয়ের মুখ প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।
আরও পড়ুনঃ নির্জন পাহাড়ি এলাকায় একে অপরের বাহুডোরে রোমান্সে মত্ত দেব-শুভশ্রী! স্বাধীনতা দিবসেই প্রকাশ্যে ‘দেশু ৭’-এর মুক্তির তারিখ! পোস্টারে আগুন কেমিস্ট্রি দেখেই উৎসাহ বাড়লো দ্বিগুণ!
কাজের দিক থেকে বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিত মুখ পূজা ব্যানার্জি। ‘চ্যালেঞ্জ ২’, ‘পাপ’, ‘লাভেরিয়া’ এবং ‘রকি’র মতো বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘দেব কী দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান পূজা। এছাড়াও একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। এখন অভিনয়ের পাশাপাশি মাতৃত্বের নতুন অধ্যায় নিয়েই ব্যস্ত পূজা।






