৫ জুলাই, শনিবার—এই দিনটি সোনার হরফে লেখা থাকবে ভারতীয় ফুটবল ইতিহাসে। কারণ, টিম ইন্ডিয়া নিশ্চিত করল মহিলাদের এ.এফ.সি এশিয়ান কাপ ২০২৬-এর টিকিট! থাইল্যান্ডের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়ে এই অসাধ্য সাধন করল ভারতীয় বাঘিনীরা।
ম্যাচের নায়িকা টিম ইন্ডিয়ার মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর। ভারতের হয়ে দুটি গোলই করেছেন তিনিই। ম্যাচ শেষে উচ্ছ্বসিত সঙ্গীতা বলেন, “প্রথমেই আমার দলের সকলকে ধন্যবাদ জানাতে চাই। ওদের সাহায্য ছাড়া এই জোড়া গোল কখনোই সম্ভব হত না। একইসঙ্গে আমাদের কোচিং স্টাফের ভূমিকাও অনস্বীকার্য। এই জয় তাঁদের জন্যই সম্ভব হয়েছে।”
বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন সঙ্গীতা। তাঁর কথায়, “আমার আসল লক্ষ্য বিশ্বকাপ। সেই লক্ষ্যপূরণের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম আজ। পাশাপাশি, দলের সমর্থক এবং আমার পরিবারকেও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।”
উল্লেখ্য, মহিলাদের এএফসি এশিয়ান কাপে ভারতীয় দল এর আগে মোট ৮ বার অংশগ্রহণ করেছে, তবে কোনওবারই যোগ্যতা অর্জনকারী পর্ব পেরোতে পারেনি। ২০০৩ সালে ভারত মূলপর্বে খেললেও, তখন টুর্নামেন্টে এমন কোনও যোগ্যতা পর্ব ছিল না।
২০২২ সালে টুর্নামেন্ট ভারতে অনুষ্ঠিত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় দল অংশগ্রহণ করেছিল। তবে এই প্রথমবার যোগ্যতা অর্জন করে ভারত টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
আরও পড়ুনঃ DY Chandrachud : সময়সীমা পেরিয়ে গিয়েছে! চন্দ্রচূড়ের দখলে এখনও সরকারি বাংলো, কেন্দ্রকে তৎপর হওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের!
২০২৬ সালের মহিলাদের এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়, আর পরের বছর, অর্থাৎ ২০২৭ সালে ব্রাজিলে বসবে মহিলাদের ফিফা বিশ্বকাপের আসর। এখন দেখার, সঙ্গীতাদের এই দুর্দান্ত পারফরম্যান্স ভবিষ্যতে ভারতকে বিশ্বকাপে পৌঁছে দিতে পারে কি না। ভারতীয় মহিলা ফুটবলের ইতিহাসে আজ এক নতুন অধ্যায় লেখা হল—এগিয়ে চলুক দেশের বাঘিনীরা!





