Narendra Modi : ৫৭ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, আর্জেন্টিনায় রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান মোদির!

প্রায় শতবর্ষ আগে ঘটে যাওয়া এক স্মৃতিময় ঘটনার সঙ্গে এই প্রথমবার সরাসরি জুড়ে গেল ভারতীয় প্রধানমন্ত্রীর পদচিহ্ন। ইতিহাস ঘেঁটে অনেকেই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর একসময় গিয়েছিলেন আর্জেন্টিনায়। তবে সেই দেশের মাটিতে দাঁড়িয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কোনও ভারতীয় রাষ্ট্রনেতা কখনও গিয়েছেন কি? এবার সেই ইতিহাসই বদলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার বিকেলে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। স্থানীয় রীতিনীতি মেনে তাঁকে দেওয়া হয় গার্ড অফ অনার। তিনি নিজেই এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারত-আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আমার এই বুয়েনস আইরেস সফর। প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি।” উল্লেখ্য, গত ৫৭ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে আর্জেন্টিনার মাটিতে পা রাখলেন।

দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদি যান বুয়েনস আইরেসের রবীন্দ্র মূর্তির সামনে। সেখানেই তিনি মাল্যদান করেন কবিগুরুর প্রতিকৃতিতে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে তিনি একটি পোস্ট করেন তাঁর এক্স হ্যান্ডেলে, তাও বাংলায়। লেখেন, “বুয়েনোস এয়ারেসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানালাম… শিক্ষা ও জ্ঞানলাভের বিষয়ে তাঁর গুরুত্ব আরোপও বিশেষ প্রেরণাদায়ক।”

১৯২৪ সালে পেরু যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন রবীন্দ্রনাথ। চিকিৎসার জন্য তাঁকে বুয়েনস আইরেসেই থামতে হয়। সেখানেই পরিচয় হয় তরুণী সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে। ভিক্টোরিয়ার আতিথ্যে ৫৮ দিন সেখানে ছিলেন কবিগুরু। সেই সময়েই তিনি লেখেন পূরবী কাব্যগ্রন্থ, যা রবীন্দ্রসাহিত্যের এক অনন্য সংযোজন।

আরও পড়ুনঃ ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ফুটবল দল, এ.এফ.সি এশিয়ান কাপের টিকিট নিশ্চিত ‘বাঘিনীদের’!

প্রধানমন্ত্রীর সফরে রবীন্দ্রনাথকে স্মরণ কেবলমাত্র শ্রদ্ধা প্রদর্শন নয়, বরং ভারত-আর্জেন্টিনা সম্পর্কের ঐতিহাসিক সংযোগকেও আরও একবার সামনে আনে। শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানের মাধ্যমে দুই দেশের মধ্যে যে এক সময় সেতুবন্ধ গড়ে তুলেছিলেন কবিগুরু, তা আজও সমান প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রীর এই সফর সেই বন্ধনকেই আরও দৃঢ় করল, নতুন দিশা দেখাল দুই দেশের মৈত্রীর।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles