Cancer : ‘ঘণ্টার কষ্ট’ এবার মাত্র ৫ মিনিটেই শেষ! ক্যানসার চিকিৎসায় চমকপ্রদ পরিবর্তন!

ক্যানসার শব্দটাই ভয় ধরায় হৃদয়ে। শুধু রোগ নয়, চিকিৎসার দীর্ঘসূত্রিতা, ব্যথা ও মানসিক যন্ত্রণাও রোগীর কষ্ট বাড়িয়ে দেয় বহু গুণে। ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালের চেয়ারে বসে থাকতে থাকা, শরীরে ইনফিউশন টিউব গেঁথে রাখার যন্ত্রণা, এই সবকিছুর সঙ্গে যুদ্ধ করেই চলেন হাজার হাজার ক্যানসার রোগী। তবে এবার সেই দুর্বিষহ অভিজ্ঞতার দিন শেষ হতে চলেছে। কারণ, ইংল্যান্ডে ক্যানসার চিকিৎসায় এল যুগান্তকারী পরিবর্তন, যা মাত্র কয়েক মিনিটেই রোগীর শরীরে পৌঁছে দেবে গুরুত্বপূর্ণ ইমিউনোথেরাপি।

ইংল্যান্ডে এখন থেকে ফুসফুস, অন্ত্র, ত্বক-সহ ১৫ ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে মাত্র ৩–৫ মিনিটে দেওয়া যায় এমন একটি ইনজেকশন—Nivolumab, যা বাজারে পরিচিত ‘Opdivo’ নামে। এতদিন এই ওষুধ দেওয়া হত এক ঘণ্টার IV ইনফিউশনের মাধ্যমে। নতুনভাবে Subcutaneous Injection হিসেবে এই ওষুধ প্রয়োগের অনুমোদন দিয়েছে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা MHRA। এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করে, ঠিক যেমনটা করত পূর্ববর্তী ইনফিউশন পদ্ধতি।

এই নতুন ইনজেকশন মূলত সরাসরি পেশির নিচে দেওয়া হবে এবং NHS England–এর হিসেবে, প্রতি মাসে প্রায় ১,২০০ জন ক্যানসার রোগী এর সুবিধা পাবেন। অর্থাৎ বছরে উপকৃত হবেন ১৫,০০০-এরও বেশি মানুষ। সময় সাশ্রয় তো বটেই, এর ফলে মানসিক চাপও অনেকটাই কমবে রোগীদের। চিকিৎসক ও নার্সদেরও সময় বাঁচবে, যা অন্য রোগীদের চিকিৎসায় কাজে লাগবে বলে মনে করছে NHS।

এই ইনজেকশনটি Clinical Trial পর্যায়ে পরীক্ষিত এবং ‘CheckMate-67T’ নামক একটি ফেজ-৩ ট্রায়ালে দেখা গিয়েছে, এটি ইনফিউশন পদ্ধতির মতোই নিরাপদ এবং কার্যকর। বিশেষজ্ঞদের মতে, এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার বাড়তি সম্ভাবনা নেই। কার্যকারিতার ক্ষেত্রেও দু’টি পদ্ধতির মধ্যে খুব বেশি পার্থক্য পাওয়া যায়নি। ফলে চিকিৎসা আরও সহজ হলেও তার মান কমছে না।

আরও পড়ুনঃ Weather: আবার বৃষ্টি নামছে দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগের ইঙ্গিত! নতুন করে দানা বাঁধছে নিম্নচাপ

বিশেষজ্ঞদের মতে, ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। ইউরোপে এই পদ্ধতি প্রথম চালু হয়েছে NHS England–এর মাধ্যমেই। স্বাস্থ্যখাতে আধুনিকীকরণের এই পথ আগামী দিনে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশগুলিতেও ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, এই উদ্ভাবন কত দ্রুত পৌঁছে যায় বাকি দেশগুলির সাধারণ মানুষের কাছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর