দমদম বিমানবন্দরে হুলস্থুল কাণ্ড! কাচ ভেঙে পালাতে গিয়ে ধরা পড়ল বাংলাদেশি যুবক

আজ সকালে দমদম বিমানবন্দরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা! আন্তর্জাতিক লাউঞ্জে বসে থাকার সময় আচমকাই কাচ ভেঙে বাইরে পালানোর চেষ্টা করলেন এক বাংলাদেশি যুবক। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সঙ্গে সঙ্গেই তাঁকে ধরে ফেলা হয়। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য হইচই পড়ে গেল বিমানবন্দরে।

ধৃত যুবকের নাম মহম্মদ আশরাফুল, বয়স ২৫ বছর। জানা গিয়েছে, তিনি সিঙ্গাপুরে কাজ করেন এবং ইন্ডিগোর একটি বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় এসে পৌঁছেছিলেন। কলকাতা হয়ে তাঁর ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ কী হল? কেন এমন অদ্ভুত আচরণ করলেন তিনি?

সূত্রের খবর, ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে থাকতে থাকতে হঠাৎ করে তিনি লাউঞ্জের কাচ ভেঙে বাইরে বেরোতে যান। নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ানরা সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করেন। প্রাথমিকভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন বিমানবন্দরের আধিকারিকরা। তখনই লক্ষ্য করা যায়, যুবক অসংলগ্ন কথাবার্তা বলছেন। এরপর তাঁকে তুলে দেওয়া হয় বিধাননগর থানার পুলিশের হাতে।

ঘটনার পর থেকেই তদন্তে নেমেছে পুলিশ। উঠছে একগুচ্ছ প্রশ্ন — তিনি কি কিছু পাচারের চেষ্টা করছিলেন? নাকি মানসিকভাবে বিছিন্ন কিছু সমস্যা রয়েছে তাঁর? সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা! দুই জেলায় লাল সতর্কতা, দক্ষিণেও চলবে ঝড়বৃষ্টি

যদিও ঘটনাটি বড় ধরনের কোনও বিপর্যয় ঘটাতে পারেনি, তবুও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। পুলিশ ও তদন্তকারীরা আশরাফুলের আচরণ, পাসপোর্ট ও ভ্রমণ ইতিহাস খুঁটিয়ে দেখছেন। এখন সকলেরই একটাই প্রশ্ন — সত্যিই কী কারণে এমন দুঃসাহসিক কাজ করলেন ওই যুবক? তদন্তের পরই স্পষ্ট হবে সবকিছু।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles