রাজনৈতিক কর্মসূচির মঞ্চে উত্তেজনা যেন নতুন কিছু নয় বাংলায়। বিরোধী দল ও শাসক দলের সংঘাতের নজির বহুবার দেখা গিয়েছে রাজ্যের নানা প্রান্তে। তবে এবার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠল কোচবিহারে। মঙ্গলবারের একটি নির্দিষ্ট কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গোটা শহর জুড়ে। একদিকে ছিল বিরোধী দলের পূর্বঘোষিত কর্মসূচি, অন্যদিকে প্রতিবাদে সরব হলেন শাসকদলের কর্মী-সমর্থকেরা। ফলে উত্তেজনার পারদ চড়ল চোখে পড়ার মতোভাবে।
কোচবিহারে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এসপি অফিস অভিযান ছিল পূর্বঘোষিত। সেই মতো খাগড়াবাড়ি হয়ে কনভয় নিয়ে আসার কথা ছিল তাঁর। আগেই পুলিশ মোতায়েন করা হলেও উত্তেজনা আটকানো যায়নি। নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় জমায়েত শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের হাতে ছিল কালো পতাকা। প্রথমে দেখা যায় শান্তিপূর্ণ বিক্ষোভ, তবে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শুভেন্দুর কনভয় এলেই শুরু হয় বিক্ষোভের ঢল। কালো পতাকা দেখানোর পাশাপাশি, ইট, বাঁশ, লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে। এমনকি সংবাদমাধ্যমের ক্যামেরাতেও ধরা পড়েছে সেই মুহূর্ত। পুলিশের উপস্থিতিতেই বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শুভেন্দুর কনভয়ের একটি গাড়ির কাচ ভাঙার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
তৃণমূলের পক্ষ থেকে এই হামলার অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। মুখপাত্র পার্থপ্রতিম রায় জানিয়েছেন, “বাংলা ভাষার অপমানের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন চলছে। কোচবিহারে মহিলাদের নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। হামলার কোনও ঘটনা ঘটেনি।” একই সুর মন্ত্রী উদয়ন গুহরও। তিনি বলেন, “বাংলা ভাষাকে যারা অপমান করবে, তাঁদের কালো পতাকা দেখাবেন সাধারণ মানুষ।”
আরও পড়ুনঃ Calcutta University: ২৮ অগাস্টই পরীক্ষা অন্যদিকে TMCP-র বিক্ষোভ, সরকারের চিঠি উপেক্ষা করেই সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়!
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন। তাঁর কথায়, “পুলিশ ও তৃণমূল যৌথভাবে শুভেন্দুর কর্মসূচিকে ব্যাহত করার চেষ্টা করেছে। পুলিশের সামনেই গাড়িতে হামলা হয়েছে।” এই ঘটনার পর কোচবিহারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। রাজ্য রাজনীতিতে ফের একবার আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সহিষ্ণুতা নিয়ে প্রশ্ন উঠছে। শুভেন্দুর নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে।






