ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ফের একবার চরম হুঁশিয়ারির মুখে পড়ল দিল্লি। প্রতিদিন পাল্টা কূটনৈতিক বক্তব্য ও রাজনৈতিক মন্তব্যের মধ্যেই এবার সামরিক স্তরে মুখ খুলল পাকিস্তান। আর এইবার, বার্তাটি যেন আরও স্পষ্ট ও আক্রমণাত্মক। পাকিস্তানের তরফে জানানো হয়েছে, ভারত যদি ফের কোনো সামরিক স্ট্রাইক করে, তাহলে তার জবাব আরও বড় আকারে দেওয়া হবে। এই বক্তব্য ঘিরে ভারতীয় প্রতিরক্ষা মহলে তৈরি হয়েছে নতুন আশঙ্কা।
পাক সেনাবাহিনীর মুখপাত্র তথা ডিরেক্টর জেনারেল অব ISPR (Inter-Services Public Relations) এক্স-এ পোস্টে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, “যদি ভারত ফের কোনও স্ট্রাইক করে, আমরা ভারতের অভ্যন্তরে আরও গভীরে প্রবেশ করে আঘাত হানব, আর এবার আমরা পূর্ব দিক থেকেই শুরু করব। ভারত যেন মনে রাখে, আমরা তাদের সর্বত্রই টার্গেট করতে পারি।” এই উক্তি সামনে আসার পর থেকেই সামরিক ও কূটনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে।
২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক কিংবা ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইক—ভারত-পাকিস্তানের সম্পর্কের ইতিহাসে এসব ঘটনা একাধিকবার উত্তেজনা বাড়িয়েছে। তবে এবার সরাসরি “পূর্ব ভারত” লক্ষ্য করে এমন হুমকি আগে শোনা যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এমন মন্তব্য শুধু সামরিক নয়, রাজনৈতিক উদ্দেশ্যেও ছোড়া হতে পারে, যাতে অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি ঘোরানো যায়।
এই প্রসঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে, এবং পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলিতে প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলিও সতর্ক অবস্থানে রয়েছে, বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশসহ পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে।
আরও পড়ুনঃ Weather: দক্ষিণবঙ্গে ফের বর্ষার দাপট, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আশঙ্কা, প্রস্তুত আবহাওয়া দফতর
দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন মুখোমুখি অবস্থান আন্তর্জাতিক মহলেও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা অঞ্চলিক শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এমন উত্তপ্ত পরিস্থিতিতে কতটা বিপন্ন হতে পারে, সে নিয়েই এখন আশঙ্কা তুঙ্গে। সামান্য ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।






