‘আরোগ্য সেতু’ অ্যাপ থেকে হ্যাকিং, বিস্ফোরক দাবি ফরাসি ‘এথিক্যাল হ্যাকার’-এর

ভারতে করোনা মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি অ্যাপ চালু করা হয়েছিল, যার নাম আরোগ্য সেতু। ‘ইউজার’ বা ব্যবহারকারীর লোকেশন ও অন্যান্য তথ্য জমা করে অ্যাপটি কোভিড-19 হটস্পট খুঁজে বের করে এই অ্যাপ। এবার এই অ্যাপ নিয়েই উঠল হ্যাকিং এর অভিযোগ। অ্যাপটি থেকে ব্যক্তিগত তথ্য চুরি যেতে পারে বলে সদ্য দাবি করেছেন এক ফরাসি ‘এথিক্যাল হ্যাকার’। সম্প্রতি টুইটারে ইলিয়ট অ্যান্ডারসন নামের এই ফরাসি এথিক্যাল হ্যাকার দাবি করেছেন, আরোগ্য সেতু অ্যাপে একটি ‘ছিদ্র’ খুঁজে পেয়েছেন তিনি। যার ফলে ৯ কোটি ভারতীয়-র ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। তারপর আরও একাধিক টুইটে ওই হ্যাকার দাবি করেন, বিষয়টি নজরে আসতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছে ভারত সরকারের দুই সংস্থা– ‘National Informatics Centre (NIC) ও Indian Computer Emergency Response Team (ICERT)। তাদের কাছে অ্যাপটির নিরাপত্তাজনিত বিষয় তুলে ধরেন তিনি। তবে শীঘ্রই সমস্যা না মিটলে অ্যাপটিতে কোথায় গলদ রয়েছে সেই বিষয়টি টুইটারে পোস্ট করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অ্যান্ডারসন।

যদিও সেই মর্মে বুধবার বিবৃতি দিয়ে সরকার সাফ জানিয়েছে, আরোগ্য সেতু অ্যাপ সুরক্ষিত। এর থেকে তথ্য চুরি যাওয়ার কোনও ভয় নেই। পাশাপাশি, লোকেশন ও কোভিড-১৯ স্ট্যাটাস নিয়ে অ্যান্ডারসন যে আশঙ্কার কথা বলেছেন তা ভিত্তিহীন। অ্যাপটি প্রত্যেক ইউজারের লোকেশন কোডে পরিবর্তিত করে সুরক্ষিত সার্ভারে রাখছে। এবং অ্যাপটি ডাউনলোড করার সময় ‘প্রাইভেসি পলিসি’তে বিষয়টি ইউজারকে জানিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি, বিষয়টি নিয়ে তৎপর হওয়ায় ফরাসি হ্যাকার ইলিয়ট অ্যান্ডারসনকে ধন্যবাদ জানিয়েছে ‘টিম আরোগ্য সেতু’।

প্রসঙ্গত, আরোগ্য সেতু অ্যাপ নিয়ে কয়েকদিন আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, এর মাধ্যমে সরকার মানুষের উপর নজিরদারি চালাতে পারবে। তবে রাহুল গান্ধীর এই দাবিকে নস্যাৎ করে তাঁর মন্তব্যের সমালোচনা করেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

RELATED Articles

Leave a Comment