ভারতের রাজনীতি ও প্রশাসনে এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত মিলল। দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের, বিশেষ করে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের দায়িত্ব ও পদ সংক্রান্ত নিয়মে বড় ধরনের সংস্কারের খসড়া তৈরি করা হয়েছে। এটি নিয়ে কেন্দ্রের হঠাৎ উদ্যোগ সামাজিক ও রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিতে চলেছে। এই তিনটি বিলের প্রস্তাবিত বিধান কার্যকর হলে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার লোকসভায় তিনটি বড় বিল পেশ করার পরিকল্পনা করেছেন। এই তিনটি বিল হল—সংবিধান (১৩০তম সংশোধনী) বিল, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকার (সংশোধনী) বিল। সরকারি কাজের তালিকা অনুযায়ী, এই তিনটি বিল প্রাথমিকভাবে সংসদে উপস্থাপন করে পরে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাবও রয়েছে।
প্রস্তাবিত সংবিধান সংশোধনী অনুযায়ী, কোনও কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি এমন কোনও অপরাধে একটানা ৩০ দিন গ্রেফতার থাকেন, যা প্রমাণিত হলে পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ডের শাস্তি হতে পারে, তাহলে তিনি স্বয়ংক্রিয়ভাবে পদ হারাতে পারেন। এই নিয়ম জেল থেকে মুক্তি পাওয়ার পরও প্রযোজ্য হবে, তবে যদি প্রধানমন্ত্রীর পরামর্শ ৩১তম দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে না পৌঁছায়, তাহলেও পদ হারানোর বিধান কার্যকর হবে।
এই বিধান শুধু প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের জন্য নয়, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নতুন আইনি কাঠামো অনুযায়ী, গ্রেফতার হওয়া মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে জেল থেকে মুক্তির পর ফের পুনঃনিয়োগ করা সম্ভব হবে। তবে এই প্রক্রিয়ায় কঠোর নিয়ম এবং নির্দিষ্ট সময়সীমা প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক পদাধিকারীদের ক্ষেত্রে স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুনঃ Delhi CM Rekha Gupta : নিজের বাসভবনে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের উপর হঠাৎ হামলা, নিরাপত্তা ব্যবস্থাকে কড়া প্রশ্ন!
এই তিনটি বিলের লক্ষ্য মূলত রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বে শৃঙ্খলা আনা। বিশেষ করে এমন সময়ে যখন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধমূলক অভিযোগের ঘটনা সামনে আসে, এই বিধান দেশের শীর্ষ নেতৃত্বের জবাবদিহিতা নিশ্চিত করবে। সংসদে বিলগুলি পেশের পর, তা নিয়মিত আলোচনার মাধ্যমে চূড়ান্ত আকার নেবে এবং ভারতের সংবিধান ও প্রশাসনিক কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করবে।






