১৩ অগস্ট ছিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ দিনে অনুরাগী এবং সহকর্মীদের কাছ থেকে একের পর এক শুভেচ্ছা পেয়েছেন অভিনেত্রী। তবে সব বার্তার মধ্যে আলাদা করে নজর কেড়েছে ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়, যাকে ভালোবেসে ঝিনুক নামে ডাকেন শ্রাবন্তী। মায়ের ছোটবেলার একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সেই পোস্টে মা ও ছেলের সম্পর্কের গভীরতাই প্রকাশ পেয়েছে।
ঝিনুক লিখেছেন, মাকে কতটা ভালোবাসেন, তা ভাষায় প্রকাশ করা তাঁর পক্ষে সম্ভব নয়। ছোটবেলা থেকে জীবনের প্রতিটি পর্যায়ে মাকে পাশে পেয়েছেন তিনি। এমনকি এমন সময়ও মা তাঁর পাশে ছিলেন, যখন তাঁকে ভালোবাসা কঠিন ছিল। বড় হয়ে গেলেও মায়ের প্রয়োজন তাঁর সবসময় থাকবে বলেও জানিয়েছেন অভিমন্যু। মায়ের কাছে তিনি সারাজীবন সেই ছোট ছেলেটিই থেকে যেতে চান। জন্মদিনে মাকে শুভেচ্ছা জানিয়ে তাঁর এই আবেগঘন বার্তা নজর কেড়েছে নেটিজেনদের।
শ্রাবন্তীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিমন্যুর প্রেমিকা দামিনী ঘোষও। অভিনেত্রীর সঙ্গে কাটানো বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি একসঙ্গে করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। শ্রাবন্তীকে নিজের প্রিয় মানুষ হিসেবে উল্লেখ করে দামিনী জানান, তিনি সবসময় অভিনেত্রীর ‘বেবি’ হয়েই থাকতে চান। তাঁর এই মিষ্টি বার্তাতেও শ্রাবন্তী ও দামিনীর ঘনিষ্ঠ সম্পর্কের ছবি ফুটে উঠেছে। হবু শাশুড়ির সঙ্গে দামিনীর সুন্দর সম্পর্ক নিয়েও অনুরাগীদের মধ্যে আলোচনা হয়।
এদিকে চলতি বছরে ৩৯ বছরে পা দিয়েছেন শ্রাবন্তী। ১৯৮৭ সালের ১৩ অগস্ট জন্ম অভিনেত্রীর। মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পরের বছরই মাত্র ১৭ বছর বয়সে মা হন শ্রাবন্তী। অন্যদিকে ১৪ অগস্ট, অর্থাৎ মায়ের জন্মদিনের পরের দিনই জন্মদিন অভিমন্যুর। চলতি বছরে ২২ বছরে পা দিয়েছেন তিনি। ফলে মা ও ছেলের মধ্যে বয়সের ব্যবধান মাত্র ১৭ বছর।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসেই লক্ষ্মী এলো ঘরে! পুত্রের পর এবার কন্যা সন্তানের মা হলেন পূজা বন্দ্যোপাধ্যায়! মেয়ের মুখও দেখালেন টলি অভিনেত্রী, কার মত দেখতে হয়েছে তাকে?
এই অল্প বয়সের ফারাকের কারণেই শ্রাবন্তী ও অভিমন্যুর সম্পর্ক অনেকটা মা ও ছেলের পাশাপাশি বন্ধুত্বের মতোও। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিভিন্ন মুহূর্ত দেখে অনুরাগীরাও এই সম্পর্কের সমীকরণ নিয়ে আগ্রহী। বর্তমানে অভিনয় নিয়ে পড়াশোনা করছেন অভিমন্যু। একটি অভিনয় স্কুলে অভিনয়ের নানা দিক শিখছেন তিনি। তবে ভবিষ্যতে টলিউডে নয়, বলিউডে অভিনেতা হিসেবে নিজের জায়গা তৈরি করার ইচ্ছা রয়েছে তাঁর। সেই স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছেন শ্রাবন্তীর ছেলে।






