অনলাইন অ্যাপের মাধ্যমে বুক করা বাইক ও ক্যাব নিয়ে যাত্রীদের নানা অভিজ্ঞতা শোনা যায়। কেউ ভাল ব্যবহারের কথা বলেন, কেউ আবার অভিযোগ করেন। এবার এক তরুণীর পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাতের অন্ধকারে বাইকচালকের আচরণে তিতিবিরক্ত ওই তরুণী যা লিখেছেন, তা এখন রীতিমতো ভাইরাল।
রেডিট-এ ‘লেট_ফ্রিডম_২০৯৮’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন তরুণী। তাঁর দাবি, দিন কয়েক আগে রাত সাড়ে ১০টা নাগাদ তিনি একটি অ্যাপের মাধ্যমে বাইক বুক করেছিলেন। খুব দূরে নয়, কাছেই যাচ্ছিলেন তিনি। নির্দিষ্ট সময়ে বাইকচালক এসে পৌঁছন। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তরুণীর অভিযোগ, চালক বারবার পিঠ দিয়ে তাঁকে ধাক্কা দিতে থাকেন।
তরুণীর কথায়, তিনি বারবার পিছিয়ে যাচ্ছিলেন। এরপর ফাঁকা রাস্তায় পৌঁছতেই চালক নাকি তাঁকে ছুঁতে চেষ্টা করেন। সঙ্গে সঙ্গেই প্রতিবাদে নামেন তরুণী। চালকের হাত ধরে ফেলেন তিনি, জোরে মোচড় দেন এবং ঘাড় চেপে ধরেন। হঠাৎ এই জবাবে হতচকিত হয়ে যান বাইকচালক। যদিও তিনি দাবি করেন, পিঠ চুলকোচ্ছিল বলে পিছনে হাত দিচ্ছিলেন। কিন্তু তরুণীর মতে, আচরণে স্পষ্ট বোঝা যাচ্ছিল সবটাই ইচ্ছাকৃত।
তরুণী আরও জানান, যদি তাঁর হাতে সময় থাকত, তবে তিনি চালককে ছেড়ে কথা বলতেন না। তবুও মুখের মতো জবাব পেয়ে বাকি পথ তিনি আর কিছু করার সাহস দেখাননি। এই অভিজ্ঞতাই তিনি শেয়ার করেন সমাজমাধ্যমে, যা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকেরা।
আরও পড়ুনঃ Bills to oust PM, CMs Details: ৩০ দিন জেলে থাকলেই প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী পদচ্যুত! কেন্দ্রের নতুন তিনটি গুরুত্বপূর্ণ বিল আনার পরিকল্পনা!
পোস্টটি এখন ভাইরাল। বহু মানুষ তরুণীর সাহসের প্রশংসা করেছেন। আবার অনেকে রাতের বেলা মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে লিখেছেন, এমন ঘটনার পর যাত্রীদের আরও সচেতন হওয়া উচিত এবং অ্যাপ কর্তৃপক্ষকেও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।





