শহরের রাস্তাঘাটে বেরোলেই চোখে পড়ে দল বেঁধে ঘুরে বেড়ানো পথকুকুর (Stray Dog)। অনেকেই এদের খাবার দেন, আবার অনেকেই আতঙ্কে থাকেন। সম্প্রতি রাজধানী দিল্লিতে কুকুরের কামড়ে জলাতঙ্কের (Rabies) আতঙ্ক ছড়িয়ে পড়ায় ফের সামনে উঠে এসেছে পথকুকুর সমস্যা। শিশু থেকে প্রবীণ— একাধিক মানুষ কুকুরের আক্রমণে আহত হয়েছেন। এই পরিস্থিতিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল একাধিক সংগঠন।
গত ১১ আগস্ট সুপ্রিম কোর্টের দুই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, রাজধানী দিল্লির সমস্ত পথকুকুরকে ধরে নিয়ে গিয়ে জনবহুল এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখতে হবে। ওই নির্দেশ কার্যকর হওয়ার পর পশুপ্রেমী সংগঠনগুলি প্রবল আপত্তি জানায়। কারণ এই সিদ্ধান্তে কুকুরদের প্রতি অমানবিক আচরণ হবে বলে অভিযোগ ওঠে।
অবশেষে তিন বিচারপতির বেঞ্চে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছে, কুকুরদের ধরে নিয়ে গিয়ে নির্বীজকরণ (Sterilization) ও টিকাকরণ (Vaccination) করতে হবে। এরপর তাদের আবার যথাস্থানে ছেড়ে দিতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে— কুকুরটি যেন জলাতঙ্কের বাহক না হয় এবং অস্বাভাবিক আক্রমণাত্মক না হয়। আদালত আরও স্পষ্ট করেছে, রাস্তার কুকুরকে খাওয়ানো কোনওভাবেই রাস্তায় করা যাবে না।
শীর্ষ আদালতের এই রায়ে স্বস্তি পেয়েছে পশুপ্রেমী সংস্থাগুলি। কারণ আদালত পূর্ববর্তী নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ রাস্তার কুকুরদের সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার নির্দেশ কার্যকর হবে না। বরং প্রতিটি কুকুরকে ভ্যাকসিন, কৃমিনাশক ওষুধ এবং প্রতিষেধক ইঞ্জেকশন দিয়ে রোগমুক্ত করে তাদের আবার লোকালয়ে ফিরিয়ে দিতে হবে। এই রায়কে অনেকেই মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন।
আরও পড়ুনঃ Joint Entrance Result: অবশেষে শিক্ষার্থীদের স্বস্তি মিলল! রাজ্যে প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট!
তবে নতুন নির্দেশকে কেন্দ্র করেও তৈরি হয়েছে বিতর্ক। অনেক নাগরিক মনে করছেন, রাস্তায় কুকুরদের ফের ছেড়ে দিলে আবারও কামড়ানোর ঘটনা ঘটতে পারে। অন্যদিকে পশুপ্রেমীরা বলছেন, কুকুরদের সরিয়ে দেওয়া নয় বরং টিকা ও চিকিৎসার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। সর্বোচ্চ আদালতের এই রায় কার্যকর হলে পথকুকুরদের ভবিষ্যৎ যেমন সুরক্ষিত হবে, তেমনই নাগরিকরাও কিছুটা হলেও নিরাপত্তা পাবেন— এমনটাই আশা বিশেষজ্ঞদের।






