Joint Entrance Result: অবশেষে শিক্ষার্থীদের স্বস্তি মিলল! রাজ্যে প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট!

চার মাস আগে পরীক্ষা হয়ে গেলেও রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী দিন গুনছিলেন কখন হাতে পাবেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি নির্ভর করছে এই ফলাফলের উপর। কিন্তু ওবিসি সংরক্ষণ নিয়ে তৈরি হওয়া জটিলতা অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছিল। শিক্ষার্থীদের একাংশ মনে করছিলেন, হয়তো ভর্তির পুরো প্রক্রিয়াই দেরিতে শুরু হবে।

সমস্যার সূত্রপাত হয়েছিল কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলা থেকে। ওবিসি ক্যাটাগরির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায় হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দেন— এই জট না মেটা পর্যন্ত জয়েন্টের কোনও ফলাফল প্রকাশ করা যাবে না। এর ফলে ফলপ্রকাশ আটকে যায় ৭ অগস্টেও। এতে লক্ষাধিক পরীক্ষার্থী এবং তাঁদের পরিবার চরম উদ্বেগে পড়েন।

অবশেষে স্বস্তি আসে দেশের সর্বোচ্চ আদালত থেকে। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানেই কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। অর্থাৎ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশে আর কোনও আইনি বাধা রইল না। তবে মামলার চূড়ান্ত শুনানি আগামী সোমবার আবার হবে।

শিক্ষা দফতর ও বোর্ড সূত্রে খবর, জয়েন্টের ফল প্রস্তুতই রয়েছে। শুধু সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ হাতে আসার অপেক্ষা। সেই নির্দেশ পাওয়ার পরেই ফল প্রকাশ করা হবে। জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টোয় জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট ঘোষণা করা হতে পারে। পাশাপাশি বিকেল ৪টেয় সরকারি কলেজগুলির মেধাতালিকাও প্রকাশের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ Animal Feeding Rules: নির্দিষ্ট জায়গার বাইরে খাওয়ানো চলবে না! পথকুকুরদের খাবার নিয়ে পুরসভার কড়া নির্দেশ!

২০১০ সালের পর রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়ের ভিত্তিতেই নতুন করে মেধাতালিকা তৈরির কথা বলা হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, পুরনো বিজ্ঞপ্তি মেনে ৭ শতাংশ সংরক্ষণ দেওয়া যাবে। কিন্তু রাজ্য সরকার ২০১১ সালের সংশোধনী মেনে ১৭ শতাংশ সংরক্ষণ দিতে চাইছিল, যা নিয়েই শুরু হয়েছিল এই মামলা। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন পরীক্ষার্থীরা। আজ বিকেলেই তাঁদের হাতে এসে পৌঁছতে পারে বহু প্রতীক্ষিত ফলাফল।

RELATED Articles