Narendra Modi : ৩৪ হাজার কোটির প্রকল্প উদ্বোধন, কর কাঠামোয় বড় পরিবর্তন—মোদীর আজকের ভাষণে কি কি জানালেন প্রধানমন্ত্রী?

দেশজুড়ে কৌতূহল তুঙ্গে ছিল আজ সন্ধ্যায়। বিকেল গড়াতেই টেলিভিশন ও মোবাইলের পর্দায় চোখ রেখেছিলেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল—সবাই। কারণ, সন্ধ্যা ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উৎসবের মরসুমের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন একটি ভাষণ স্বাভাবিকভাবেই প্রত্যাশা বাড়িয়েছিল দেশবাসীর মনে।

ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান মহালয়ার দিন উপলক্ষে। তিনি বলেন, দুর্গোৎসবের এই সময়ে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের স্বস্তিই তাঁর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। তবে শুধু শুভেচ্ছা নয়, এবার ছিল বড়সড় ঘোষণা। মোদি স্পষ্ট করে জানান, দেশে এখন থেকে চালু হচ্ছে নতুন GST 2.0 ব্যবস্থা। আগামীকাল অর্থাৎ ২২ শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই প্রকল্প।

নতুন ব্যবস্থায় আগের মতো চারটি আলাদা করহার আর থাকছে না। এখন থেকে মূলত দুটি করহার কার্যকর হবে—৫ শতাংশ ও ১৮ শতাংশ। তবে বিলাসবহুল ও অপ্রয়োজনীয় সামগ্রীতে বাড়তি কর অপরিবর্তিত থাকবে। মোদীর কথায়, এই পরিবর্তনের মাধ্যমে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ ভোক্তা কিছুটা হলেও স্বস্তি পাবেন। তিনি এটিকে নাম দেন “GST বাঁচত উৎসব”।

ভাষণে প্রধানমন্ত্রী কেবল কর কাঠামোর পরিবর্তনের কথাই বলেননি। তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন ভারতের আত্মনির্ভরতার প্রসঙ্গও। তাঁর দাবি, চিপ থেকে শুরু করে জাহাজ—সবকিছুই দেশে উৎপাদন করা হবে। বিদেশি আমদানির উপর নির্ভরশীলতা যতটা সম্ভব কমানোই লক্ষ্য। এই প্রসঙ্গে তিনি গুজরাটের ভরনাগরে প্রায় ৩৪,২০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথাও তুলে ধরেন।

আরও পড়ুনঃ Narendra Modi: তেজস্বীর সভায় নরেন্দ্র মোদির প্রয়াত মায়ের প্রতি কটূক্তি! প্রতিবাদে সবর বিজেপি!

তবে বিরোধী শিবিরের একাংশ প্রশ্ন তুলেছে এই ঘোষণার সময়কাল নিয়ে। তাদের অভিযোগ, হঠাৎ জিএসটি সংস্কার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়াতে পারে। অন্যদিকে সরকার বলছে, এই পদক্ষেপ দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে এবং উৎসবের মৌসুমে ভোক্তাদের কিছুটা স্বস্তি দেবে। সব মিলিয়ে মোদীর আজকের ভাষণ যেমন ছিল উৎসবের শুভেচ্ছায় ভরপুর, তেমনই ছিল নতুন অর্থনৈতিক দিশার ঘোষণা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles