লাদাখে অশান্তির জেরে বড় পদক্ষেপ, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সোনম ওয়াংচুক!

লাদাখের শান্ত পরিবেশকে ঘিরে সম্প্রতি শুরু হয়েছে উত্তেজনা। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, পরিবেশ এবং পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সমাজকর্মী, প্রকৌশলী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। জলবায়ু সংরক্ষণ এবং বিকল্প শিক্ষার মডেল তৈরিতে তাঁর অবদান মনে রাখার মত। অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা। কিন্তু হঠাৎই সেই মানুষটির নাম এখন হিংসা ও অশান্তির অভিযোগে উঠে এসেছে।

গত কয়েক সপ্তাহ ধরে লাদাখে রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিচ্ছিল। রাজধানী লেহ শহরে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। অভিযোগ, আন্দোলনের মিছিলে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরানো হয়, পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এর জেরে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিন দিনের মধ্যেই প্রাণ হারান পাঁচজন মানুষ।

এই অশান্তির দায়ে অন্যতম প্ররোচক হিসেবে সোনম ওয়াংচুকের নাম উঠে আসে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট জানায়, তাঁর উস্কানি আন্দোলনকে সহিংস করেছে। শুক্রবার দুপুরে লাদাখ পুলিশের ডিজি এসডি সিং জামওয়ালের নেতৃত্বে পুলিশবাহিনী লেহ শহরে ওয়াংচুকের বাড়ি ঘিরে ফেলে। দুপুর আড়াইটার সময় তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আসলে ওয়াংচুকের সংগঠন ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’ বা এসইসিএমওএল-এর বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) ভঙ্গের অভিযোগ আগেই উঠেছিল। অমিত শাহের মন্ত্রক সেই সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল করে দেয়। পাশাপাশি কেন্দ্র সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিল। মাত্র কয়েক দিন আগেই সিবিআই কর্মকর্তারা তাঁর কাছে সরকারি নথি নিয়ে হাজির হন। ফলে অভিযোগের চাপ যে ক্রমশ বাড়ছিল, তা স্পষ্ট ছিল।

আরও পড়ুনঃ Amit Shah: “আমি মায়ের কাছে প্রার্থনা করলাম, ভোটের পর বাংলায় শান্তি ফিরুক”-সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে বার্তা অমিত শাহের!

৩৫ দিনের অনশনের মধ্য দিয়ে আন্দোলনের শীর্ষে উঠে আসা ওয়াংচুক এখন জেলের অন্তরালে। তাঁর গ্রেফতারির পর লাদাখের জনমনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যিনি একসময় বিকল্প শিক্ষার পথিকৃৎ ও পরিবেশ রক্ষার যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন, শুধুমাত্র এইটুকুই নয় বলিউডের বিখ্যাত সিনেমা ‘থ্রি ইডিয়েটস’-এর‘র‌্যাঞ্চো’র চরিত্রটি যার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, তিনি কীভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত হলেন? পরিস্থিতি এখনো উত্তপ্ত, প্রশাসন সতর্ক, আর লাদাখবাসীর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, তা সময়ই বলবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর