Raju Bista: মনোজ-শঙ্কর-খগেনের পর রাজু! পাহাড়ে ফের বিজেপি সাংসদের উপর হামলা, তৃণমূলের ভূমিকায় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে!

উত্তরবঙ্গে একের পর এক রাজনৈতিক সংঘাত যেন থামছেই না। মনোজ ওঁরাও, শঙ্কর ঘোষ, খগেন মুর্মুর পর এবার আক্রান্ত দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। রাজনৈতিক মহলে প্রশ্ন, এই ধারাবাহিক আক্রমণের নেপথ্যে কি কেবল দলীয় বিরোধ, নাকি আরও গভীর কোনও কারণ লুকিয়ে আছে? পাহাড়ের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

শনিবার দার্জিলিংয়ের সুখিয়াপোখরিতে ঘটে এই ঘটনা। অভিযোগ, সাংসদ রাজু বিস্তার কনভয় লক্ষ্য করে একদল দুষ্কৃতী পাথর ছোড়ে। আচমকা আক্রমণে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। যদিও ঘটনায় কেউ গুরুতর আহত হননি, কিন্তু গাড়ির কাচ ভেঙে যায় বলে জানা গিয়েছে। এই ঘটনার পর রাজু বিস্তা সরাসরি অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁর দাবি, “পাহাড়ে বিজেপি বিরোধীরাই হামলা চালিয়েছে।” ইতিমধ্যেই তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজুর তোপ, “তৃণমূলের নেতাদের মাঠে দেখা যায় না। উত্তরবঙ্গে ওদের সাংসদ বা বিধায়ক ত্রাণ শিবিরে যায় না। কিন্তু বিজেপির কর্মীরা যখন ঘরে-ঘরে পৌঁছে যাচ্ছে, তখনই ওদের সমস্যা হচ্ছে।” তাঁর কথায়, এ এক রাজনৈতিক প্রতিহিংসা। তবে রাজ্যের শাসকদল তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে উত্তরবঙ্গে একাধিক বিজেপি নেতা ও বিধায়কের উপর হামলার ঘটনা ঘটেছে। আলিপুরদুয়ারে কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও পরপর দু’দিন বিক্ষোভের মুখে পড়েন। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদহের উত্তর সাংসদ খগেন মুর্মু বিপর্যয় পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন। খগেন মুর্মু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির অভিযোগ, এই সমস্ত হামলার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রয়েছে।

রাজু বিস্তার আক্রমণের পর ফের রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সরব বিজেপি নেতৃত্ব। দলের বক্তব্য, প্রশাসন নীরব দর্শক হয়ে বসে আছে। একের পর এক জনপ্রতিনিধি আক্রান্ত হলেও কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ Pakistan Warning: আফগান ক্রিকেটারদের মৃত্যুর পর ফুঁসছে ইসলামাবাদ! তালিবানকে কড়া হুঁশিয়ারি পাক সেনাপ্রধান মুনিরের, ভারতকেও বার্তা!

উত্তরবঙ্গের রাজনৈতিক তাপমাত্রা যে ফের বেড়ে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। পাহাড়ে রাজনীতি যে ক্রমেই সংঘাতের পথে এগোচ্ছে, রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগ সেই আশঙ্কাকেই যেন আরও জোরালো করল।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর