রাজ্যে একের পর এক সরকারি হাসপাতালে মহিলাদের উপর আক্রমণ যেন থামছেই না। আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা এখনও সকলের মনে রয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সরকারি হাসপাতালে নির্যাতিত হলেন এক মহিলা জুনিয়র ডাক্তার। ঘটনার জেরে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যের চিকিৎসা পরিষেবায়। চিকিৎসকদের দাবি, হাসপাতালের ভিতরেও যদি তারা নিরাপদ না হন, তবে কাজ করা ক্রমশই কঠিন হয়ে পড়বে।
ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কালীপুজোর দিন, অর্থাৎ সোমবার সন্ধ্যায় এক প্রসূতির চিকিৎসা চলাকালীন এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুরে খড়িয়া ময়নাপুর এলাকার এক প্রসূতি হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় এক মহিলা জুনিয়র চিকিৎসক রোগীর প্রাথমিক পরীক্ষা করতে যান, কিন্তু জটিলতার কারণে সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা সম্ভব হয়নি।
এই বিষয়েই শুরু হয় উত্তপ্ত বচসা। রোগীর আত্মীয়রা, যাদের মধ্যে ছিলেন হোমগার্ড শেখ বাবু ও তাঁর দুই প্রতিবেশী, চিকিৎসকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, মুহূর্তের মধ্যেই ওই তর্ক গড়ায় শারীরিক আক্রমণে। মহিলা চিকিৎসককে চড়-থাপ্পড় মারা হয়, তাঁর হাত মুচড়ে দেওয়া হয় এবং ব্যবহার করা হয় অশালীন ভাষা। এখানেই থামেননি অভিযুক্তরা— চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করার হুমকিও দেওয়া হয়।
চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ রাতেই পুলিশকে খবর দেয়। উলুবেড়িয়া থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং দু’জনকে গ্রেফতার করে— শেখ বাবু ও শেখ হাসিবুর। শেখ বাবু উলুবেড়িয়া ট্র্যাফিক পুলিশের হোমগার্ড পদে কর্মরত বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে যুক্ত আরও কেউ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ Astrology: নভেম্বরে ভাগ্যচক্রে উল্টে যাবে দিক, উপচে পড়বে সম্পদ ও সুখ! এই ৩ রাশি হতে চলেছে সবচেয়ে ভাগ্যবান
চিকিৎসকের অভিযোগ অনুযায়ী, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে— ১২১(১), ১৩২, ৭৯, ৩৫১(২) ও ৩(৫) ধারায়। এই ঘটনার পর চিকিৎসক মহলে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। রাজ্যের চিকিৎসক সংগঠনগুলিও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছে। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে— সরকারি হাসপাতালগুলিতে ডাক্তার ও চিকিৎসাকর্মীরা আদৌ কতটা নিরাপদ?





