বছরের প্রথমে ছুটিকে ঘিরে আবারও প্রাণ ফিরে পাচ্ছে জম্মু ও কাশ্মীর। সোনমার্গ থেকে গুলমার্গ—সবখানেই বরফে ঢেকে থাকা পাহাড়, রিসর্টের ভিড় আর পর্যটকদের হাসি যেন দীর্ঘদিনের অশান্তির ছবিটা কিছুটা হলেও আড়াল করে দিচ্ছে। কিন্তু সেই শান্ত পরিবেশের মধ্যেই আচমকা এমন এক ঘটনা সামনে এল, যা নতুন বছরের শুরুতেই কাশ্মীর সীমান্তে উদ্বেগ বাড়িয়ে দিল। পর্যটনে ভরা ভূস্বর্গের আড়ালেই সীমান্ত লাগোয়া এক এলাকায় নিরাপত্তা বাহিনীর কপালে চিন্তার ভাঁজ।
রিপোর্ট বলছে, বছরের প্রথম দিনেই জম্মু ও কাশ্মীরের পাকিস্তান সীমান্ত ঘেঁষা পুঞ্চ জেলায় ঢুকে পড়ে একটি ড্রোন। প্রাথমিকভাবে নিরাপত্তা সংস্থাগুলির অনুমান, সেটি পাকিস্তানি ড্রোন। ঘটনার পরই ওই এলাকায় নড়েচড়ে বসে সেনা ও নিরাপত্তা বাহিনী। যদিও প্রথমদিকে বিষয়টি ঘিরে স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি, তবে ড্রোনের গতিবিধি ঘিরে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে শুরু করে।
নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী, পুঞ্চ জেলার খাদি করমদা এলাকায় ওই ড্রোনটির উপস্থিতি লক্ষ্য করা যায়। জানা যাচ্ছে, ভারতীয় আকাশসীমার মধ্যে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে ড্রোনটি। সেই সময়ের মধ্যেই সন্দেহজনক কিছু বস্তু ফেলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরক, আইইডি এমনকি মাদক দ্রব্যও ফেলা হতে পারে বলে সন্দেহ। এরপরই ড্রোনটি পাকিস্তানের দিকে ফিরে যায়। ঘটনার গুরুত্ব বুঝে গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং শুরু হয় ব্যাপক সার্চ অপারেশন।
এদিকে এই ঘটনার সময়েই কাশ্মীরের পর্যটন মানচিত্রে অন্য ছবি ধরা পড়ছে। গত দশ দিনে সোনমার্গ ও গুলমার্গে টানা বরফপাত পর্যটকদের ভিড় আরও বাড়িয়েছে। বহু রিসর্ট পুরোপুরি বুকড। যদিও পুঞ্চ থেকে গুলমার্গের দূরত্ব ২০০ কিলোমিটারেরও বেশি, তবুও সীমান্তে এমন ঘটনা স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। প্রশাসন অবশ্য জানিয়েছে, পর্যটন এলাকাগুলিতে আলাদা করে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে
আরও পড়ুনঃ LPG Price Hike: ২০২৬ শুরুতেই গ্যাসের দামে বি*স্ফোরণ! এক লাফে ১১১ টাকা বেড়ে গেল গ্যাসের দাম!
উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই কাশ্মীরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। সেই হামলায় প্রাণ হারান ২৬ জন। তার পরই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক ঘাঁটি। বছরের শুরুতেই পুঞ্চে ড্রোন ঢোকার ঘটনা নতুন করে সীমান্ত উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। আপাতত খাদি করমদা ও সংলগ্ন পাহাড়ি জঙ্গল এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।





