Bangladesh: বাংলাদেশের নির্বাচনে ৮০ সংখ্যালঘুর ঐতিহাসিক লড়াই—ভোটবাক্স খুলতেই চমক! শেষ পর্যন্ত জয়ের হাসি কার মুখে?

বাংলাদেশের এবারের সাধারণ নির্বাচন ঘিরে চর্চার শেষ ছিল না, রাজনৈতিক মেরুকরণ, জোট-সমীকরণ আর টিকিট বণ্টনের অঙ্কের ভিড়ে একটি প্রশ্ন বারবার উঠছিল—সংখ্যালঘু প্রার্থীদের ভাগ্যে কী লেখা আছে? মোট ৮০ জন সংখ্যালঘু প্রার্থী বিভিন্ন দল থেকে লড়াইয়ে নামেন। কিন্তু ভোটের বাক্স খুলতেই স্পষ্ট হয়ে যায়, সংখ্যাটা বড় হলেও জয়ের অঙ্ক ততটা সহজ নয়।

এই ৮০ জনের মধ্যে সবচেয়ে বেশি হিন্দু প্রার্থী দেয় বাম দলগুলি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১৭ জন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ৬ জন সংখ্যালঘুকে টিকিট দেয়। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন দেয় ৬ জন সংখ্যালঘুকে। এমনকি বাংলাদেশ জামায়াতে ইসলামি প্রথমবারের মতো ১ জন হিন্দু প্রার্থীও দাঁড় করায়। তবে ভোটের ফল ঘোষণার পর দেখা গেল, লড়াই ছিল অসম এবং ফলাফল আরও কঠিন।

প্রথম বড় সাফল্য আসে মাগুরা-২ আসনে। বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরী জামাতের প্রার্থীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পান। তিনি ১,৪৬,৬৯৬ ভোট পেয়ে এগিয়ে থাকেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী পান ১,১৪,৯৯৯ ভোট। একইভাবে ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়ও বিএনপির টিকিটে জয়ী হন। তিনি পান ৯৮,৭৮৫ ভোট, আর জামাত প্রার্থী পান ৮২,২৩২ ভোট। এই দুই আসনেই সংখ্যালঘু প্রার্থীদের জয় রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।

তবে ছবিটা সর্বত্র এক নয়। বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির দুই হিন্দু প্রার্থী পরাজিত হন। বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মণ্ডল পান ১,১৪,৫৯০ ভোট, কিন্তু জামাত প্রার্থী মশিউর রহমান খান এগিয়ে যান ১,১৭,৯৬৬ ভোট পেয়ে। একইভাবে বাগেরহাট-৪ আসনে সোম নাথ দে ৯৮,৩২৬ ভোট পেলেও জামাতের আবদুল আলিম ১,১৬,০৬৭ ভোট পেয়ে জয় ছিনিয়ে নেন। ব্যবধান খুব বেশি না হলেও ফলাফল বদলাতে পারেনি।

আরও পড়ুনঃ UNSC রিপোর্টে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জইশের নাম, আপত্তিতে একঘরে পাকিস্তান!

সব মিলিয়ে ৮০ জন সংখ্যালঘু প্রার্থীর মধ্যে জয়ী হয়েছেন মাত্র ২ জন—দু’জনই বিএনপির টিকিটে। বাম দলগুলির কেউই জয়ের মুখ দেখেননি। আর জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীও হেরে যান বিএনপি প্রার্থীর কাছে। ফলে সংখ্যায় উপস্থিতি থাকলেও ফলাফলের অঙ্কে সংখ্যালঘু প্রতিনিধিত্ব রয়ে গেল সীমিত। এই নির্বাচনে তাই প্রশ্ন থেকেই গেল—সংখ্যা বাড়লেই কি সত্যিই বদলায় রাজনৈতিক বাস্তবতা?

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles