Suvendu Adhikari: ‘বাংলাদেশের সেতু হুমায়ুন’—বাবরি মসজিদে বিদেশি অর্থের দাবি শুভেন্দুর, নতুন দল গঠনে বাড়ল রাজনৈতিক ঝড়!

রাজ্য রাজনীতিতে নতুন করে প্রতিদিনই উত্তাপ ছড়াচ্ছে। এবার মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদকে ঘিরে চলছিল রাজনৈতিক টানাপোড়েন, কিন্তু এবার সেই বিতর্কে সরাসরি বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, অভিযোগের ভিত কতটা মজবুত, আর এর রাজনৈতিক অভিঘাত কোথায় গিয়ে ঠেকবে?

মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় গত বছরের ৬ ডিসেম্বর। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। মসজিদ নির্মাণের জন্য তিনি সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। অফলাইনের পাশাপাশি অনলাইন মাধ্যমেও অর্থ সংগ্রহের ব্যবস্থা করা হয়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বেশ কয়েকটি বাক্সে জমা পড়া টাকার গণনাও লাইভ সম্প্রচারে দেখানো হয়েছিল। সব মিলিয়ে বিষয়টি প্রথম থেকেই রাজনৈতিকভাবে সংবেদনশীল ছিল।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার সাংবাদিকদের সামনে শুভেন্দু দাবি করেন, বাবরি মসজিদের জন্য সংগৃহীত অর্থের ৫০ শতাংশের বেশি নাকি বাংলাদেশ থেকে এসেছে। তাঁর আরও অভিযোগ, ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে সাতদিন বাংলাদেশে ছিলেন হুমায়ুন কবীর। শুধু তাই নয়, তথাকথিত এই উদ্যোগের সঙ্গে বাংলাদেশের একটি সংগঠনের যোগসূত্র থাকার কথাও ইঙ্গিত করেন তিনি। শুভেন্দুর কথায়, বিষয়টি দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও এ নিয়ে ভাবা উচিত।

উল্লেখ্য, মসজিদ ইস্যুর পাশাপাশি ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন হুমায়ুন। এই পদক্ষেপ ঘিরেও চলছে চাপানউতোর। বিজেপির অভিযোগ, তৃণমূলের কৌশলেই এই নতুন দল তৈরি হয়েছে। অন্যদিকে, শাসকদলের দাবি—বিজেপির মদতেই এই দল গড়ে উঠেছে। ফলে নতুন রাজনৈতিক সমীকরণে কে কাকে ব্যবহার করছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুনঃ West Bengal SIR : ‘ডিমোশন করলে প্রোমোশন!’ ৭ আধিকারিকের সাসপেনশন ঘিরে কমিশনের সিদ্ধান্তে কড়া আক্রমণ মমতা ব্যানার্জির!

এখনও পর্যন্ত শুভেন্দুর অভিযোগের সরাসরি জবাব দেননি হুমায়ুন কবীর। অনলাইন অর্থসংগ্রহ নিয়ে কী তথ্য সামনে আসবে, সেটাই দেখার। অভিযোগ-প্রতিঅভিযোগের এই আবহে প্রশ্ন একটাই—এই বিতর্ক কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি সামনে আসবে আরও বড় কোনও তথ্য? রাজ্য রাজনীতির নজর এখন হুমায়ুনের প্রতিক্রিয়ার দিকেই।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর