SIR final list : ৭ কোটির বেশি ভোটারের চূড়ান্ত তালিকা ঘোষণা, যুক্ত ১.৮২ লক্ষ নতুন নাম—তালিকাতেই রইল লজিকাল বিভ্রান্তির ৬০ লক্ষের ছায়া! তালিকায় নাম না থাকলে এবার কি করতে হবে?

ভোটের আগে ভোটার তালিকা ঘিরে রাজ্য রাজনীতিতে যে চাপা টানাপোড়েন চলছিল, তারই মাঝে অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। গত কয়েক সপ্তাহ ধরে ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠছিল—কত নাম বাদ গেল, কত নতুন নাম যুক্ত হল, কারা এখনও অনিশ্চয়তায়। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন সেই সব জল্পনার অবসান ঘটালেও, সংখ্যার অঙ্কে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রথম দৃষ্টিতে তালিকা চূড়ান্ত হলেও, এর ভেতরে লুকিয়ে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দিক।

কমিশনের তথ্য অনুযায়ী, ফর্ম ৬ ও ফর্ম ৬এ জমা দিয়ে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন নতুন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে। পাশাপাশি ফর্ম ৮ পূরণ করায় আরও ৬ হাজার ৬৭১ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে একই সঙ্গে ফর্ম ৭-এর মাধ্যমে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের দাবি, সমস্ত বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ম মেনেই করা হয়েছে। কোনও ভোটারের নাম বাদ গেলে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে পারবেন। কমিশন আরও জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় ৫ লক্ষের বেশি সরকারি কর্মী এবং আটটি স্বীকৃত রাজনৈতিক দলের ২ লক্ষ ১০ হাজার বিএলএ যুক্ত ছিলেন। মোট ১৩টি নথি প্রামাণ্য হিসেবে গ্রহণ করা হয়েছে।

এসআইআর শুরুর আগে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। বর্তমানে চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। অর্থাৎ আগের তালিকা থেকে প্রায় ৬৩ লক্ষ নাম বাদ গিয়েছে বলে কমিশন জানিয়েছে। প্রকাশিত তালিকায় পুরুষ ভোটার ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৬৪২, মহিলা ভোটার ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ২৬০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৩৮২ জন। এছাড়া স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬। কমিশনের বক্তব্য, ৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি, যার প্রভাব পড়েছে চূড়ান্ত সংখ্যায়।

তবে এখানেই শেষ নয়, কমিশন যে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম প্রকাশ করেছে, তার মধ্যেই রয়েছে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম, যাঁরা ‘লজিকাল ডিসক্রিপেন্সি’র তালিকায় রয়েছেন। অর্থাৎ তাঁদের নথি যাচাই এখনও সম্পূর্ণ হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রক্রিয়া চলছে, এবং হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত ৫০১ জন জুডিশিয়াল অফিসার সেই নথি পরীক্ষা করছেন। কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, যাচাই প্রক্রিয়া শেষ হলেই উপযুক্ত সিদ্ধান্ত জানানো হবে। ফলে এই তালিকায় নাম থাকলেই যে সকলেই আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন, এমন নিশ্চয়তা এখনও মিলছে না।

আরও পড়ুনঃ সমুদ্রতটে স্বামী, পাশে নেই স্ত্রী! বিয়ের পর থেকেই বিচ্ছেদের গুঞ্জন, দোলে একা বিদেশযাত্রা নীলের! তৃণা না থাকায় প্রশ্নে সরগরম টলিপাড়া, কী বলছে ঘনিষ্ঠ মহল?

সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, নাম বাদ গেলে ১৫ দিনের মধ্যে ডিইও ও সিইও-র কাছে আপিল করা যাবে। তবে যাঁদের মামলা বিচারাধীন নয়, তাঁরাই আবেদন করতে পারবেন। অনুপস্থিত ভোটারদের খোঁজার দায়িত্ব কমিশনের নয় বলেও মন্তব্য করা হয়েছে। কমিশনের বক্তব্য, এত বড় প্রক্রিয়ায় কিছু ভুল হতেই পারে, তবে ইচ্ছাকৃত ত্রুটি হলে পদক্ষেপ নেওয়া হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও, প্রায় ৬০ লক্ষের বেশি নাম এখনও বিবেচনাধীন। ফলে ভোটের আগে ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তার পর্দা পুরোপুরি সরল কি না, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles