রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা চরমে। নির্বাচন কমিশন আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে বলে জানা গিয়েছে। তার আগেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক শিবিরে তৎপরতা বেড়েছে। বিশেষ করে শাসকদলের নেতাদের মধ্যে মাঠে নেমে জনসংযোগ বাড়ানোর প্রবণতা স্পষ্ট। এই আবহেই রবিবার সকালে কলকাতার চেতলা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মানুষের সঙ্গে দেখা করলেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
নিজের এলাকায় বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। স্থানীয় বাসিন্দাদের হাতে তিনি লিফলেট তুলে দেন। সেই লিফলেটে লেখা ছিল, “যতই করো হামলা, আবার জিতবে বাংলা।” ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই ধরনের জনসংযোগ ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। তবে ফিরহাদ হাকিম জানিয়েছেন, এটি কোনও নির্বাচনী প্রচার নয়, বরং নিজের এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখারই অংশ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নিজের পাড়া, নিজের ওয়ার্ডে মানুষের সঙ্গে দেখা করা তাঁর কাছে স্বাভাবিক বিষয়। মানুষের মধ্যেই তিনি ঘুরছেন এবং তাঁদের সঙ্গে কথা বলছেন। তাঁর দাবি, বাংলার মানুষ সচেতন এবং রাজ্যের সম্মান রক্ষার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। তাঁর কথায়, বাংলা মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। একই সঙ্গে তিনি আশাবাদী যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় ফিরবেন।
এর পাশাপাশি শনিবার মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনাও সামনে আসে আলোচনায়। সেই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, যত হামলাই হোক না কেন, তাতে বাংলার মানুষ ভয় পাবে না। তাঁর অভিযোগ, বাইরে থেকে লোক এনে অশান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে এসবের পরেও তৃণমূল কর্মীরা মানুষের পাশে থেকেই প্রতিবাদ জানাবেন বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুনঃ West Bengal TMC: নতুন মুখ না তারকা— কাকে ভরসা তৃণমূলের? সম্ভাব্য প্রার্থী তালিকায় দেবাংশু-পরমব্রত-কুণালদের নাম ঘিরে জোর জল্পনা!
এদিকে নির্বাচন কমিশন আজ বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে বলে জানা গিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজেই সেই ঘোষণা করবেন। এখনও পর্যন্ত যা জল্পনা, তাতে রাজ্যে তিন দফায় ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্রে আরও ইঙ্গিত মিলেছে, প্রথম দফার ভোট ১৫ এপ্রিলের পরেই হতে পারে। তবে শেষ পর্যন্ত ভোট ক’দফায় হবে এবং নির্দিষ্ট তারিখ কী, সেই উত্তর মিলবে কমিশনের আনুষ্ঠানিক ঘোষণাতেই।





